সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৬
বিনোদন ডেস্ক :: প্যারিসে নিজের অ্যাপার্টমেন্টে তিন দুষ্কৃতকারীর হাতে মারধরের শিকার হয়েছেন মল্লিকা শেরাওয়াত। টিয়ার গ্যাস ছুড়ে ঘর ধোঁয়ায় ভরে দিয়ে নায়িকা ও তার এক বন্ধুকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
জানা গেছে, ওই দিন প্যারিসে নিজের অ্যাপার্টমেন্টে এক বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছিলেন মল্লিকা। তার নাম সিরিল অক্সেনফ্যানস। এমন সময় আচমকাই দরজা ঠেলে তিন জন দুষ্কৃতী অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। তাদের মুখ ছিল স্কার্ফে ঢাকা। আত্মরক্ষার কোনো সুযোগ না দিয়েই তারা মল্লিকা ও তার বন্ধুকে উদ্দেশ্য করে টিয়ার গ্যাস ছোড়ে। ধোঁয়ায় ঘর ভরে যায়।
আকস্মিক এই আক্রমণে যখন নাজেহাল নায়িকা এবং তার বন্ধু, তখনই দুষ্কৃতীরা তাদের মারধর শুরু করে। বেশ কিছুক্ষণ নির্মম প্রহারের পর দুজনকে ফেলে তারা অ্যাপার্টমেন্ট ছেড়ে পালিয়ে যায়।
এই প্রথম দুষ্কৃতীদের হাতে এরকমভাবে নাজেহাল হলেও মল্লিকাকে হামলার চেষ্টা আগেও চালানো হয়েছিল। জয়পুরে ২০১৩ সালে তিনি যখন ‘ভনওয়ারি দেবী’ ছবির শুটিং করছিলেন, সেই সময় তার উপর হামলা চালানোর চেষ্টা করা হয়। সে বার অবশ্য নায়িকা আত্মরক্ষা করতে সমর্থ হন, ঠিক সময়ে পালিয়ে যেতে পেরেছিলেন অকুস্থল থেকে।
অনুমান করা হচ্ছে, খোলামেলা স্বভাবের জন্য কোনো রক্ষণশীল সন্ত্রাসবাদী দলের আক্রমণের শিকার হয়েছেন মল্লিকা। নায়িকা নিজে যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করছেন না। এমনকী, তিনি থানায় লিখিত অভিযোগও দায়ের করেননি। পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনার তদন্ত করছে।
Design and developed by ওয়েব হোম বিডি