সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৬
বিনোদন ডেস্ক :: ভেঙে গেছে পাঁচ বছরের সংসার। স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলে সন্তান নিয়ে আলাদা হয়ে গেছেন কণ্ঠশিল্পী সালমা। তবে বুকের ভেতর ছোট ছোট কষ্ট। প্রায়ই বের হচ্ছে কান্না হয়ে। তেমন কথা বলছেন না, চেষ্টা করছেন নিজেকে সামলে উঠার।
ভেঙে যাওয়া সংসারের কথা বলতে গিয়ে ডুকরে ডুকতে কেঁদে উঠছিলেন সালমা। ভাঙা গলায় কিছু কথা বোঝা গেছে, কিছু আবার একেবারেই বোঝার উপায় নেই। যে কথাটি স্পষ্ট সেটি হলো, চার বছরের সন্তান স্নেহাকে নিয়েই এখন বেশি চিন্তিত এক সময়ের ক্লোজআপ ওয়ান তারকা।
ছোট্ট বয়সে বড় তারকা হয়েছিলেন সামলা। টেলিভিশনে গানের প্রতিযোগিতা তাকে এনে দিয়েছিল খ্যাতি। কিশোরী সালমাকে ২০০৬ সালে ক্লোজআপ ওয়ান তারকা হওয়ার তিন বছরের মধ্যেই বিয়ে হয়ে যায়। ২০০৯ সালে দিনাজপুরে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েই পরিচয় হয় শিবলী সাদিকের সঙ্গে। দুই বছর পর পারিবারিকভাবে হয় বিয়ে। এরও এক বছর পর কোল জুড়ে আসে সন্তান।
স্বামী-সন্তান নিয়ে সালমার সুখের সংসারের কামনা ছিল লাখো ভক্তদের মধ্যে। কিন্তু হঠাৎ বজ্রপাতের মতোই আসে তাদের বিচ্ছেদের খবর। তারকাদের নিয়ে এমন গুঞ্জন উঠে প্রায়ই। তবে গুঞ্জন নয় সত্য। বিচ্ছেদ হয়ে গেছে আনুষ্ঠানিকভাবেই।
সালমা বললেন, সংসার বাঁচাতে অনেক চেষ্টাই করেছেন তিনি। ছেড়ে দিয়েছেন গানের জগতও। কিন্তু এখন তার বেঁচে থাকার অবলম্বন আর স্বপ্নের সারথি চার বছরের কন্যা স্নেহা আর সুরের ভুবন। দুটি নিয়েই বাঁচতে চান তিনি।
নতুন করে কাউকে নিয়ে জীবন শুরু করার কি দূরতম কোনো পরিকল্পনা আছে? জানতে চাইলে একবাক্যে উড়িয়ে দেন সে কথা। বললেন, ‘আর বিয়ে করতে চাই না। কারণ বিয়ে সাধ মিটে গেছে, বাকি জীবন একাই থাকতে চাই। আমার এখন ধ্যান জ্ঞান বেঁচে থাকা মেয়ে স্নেহাকে নিয়ে।’
Design and developed by ওয়েব হোম বিডি