বিনোদন ডেস্ক :: বলিউডের চৌহদ্দি ছাড়িয়ে অনেক আগেই পাড়ি জমিয়েছেন সাত সাগর পারে! হলিউডের নানান বিখ্যাত টেলিভিশন প্রোডাকশনের ব্যানারে তাঁর নামটা এখন কিন্তু বেশ পরিচিত। আগমার্কা ভারতীয় ললনা। এক সময়ের ‘মিস ওয়ার্ল্ড’। কে ইনি? প্রিয়াঙ্কা চোপড়া। মুম্বাই ইন্ডাস্ট্রিতে প্রচুর বড় বড় ব্যানারে কাজ করেছেন। তুমুল দর্শক প্রশংসিতও। আপাতত ‘বেওয়াচ’ সিরিয়ালের কাজে ব্যস্ত।
মার্কিন টেলিভিশনে ঝড় তোলা এই ধারাবাহিকে প্রিয়াঙ্কা চুটিয়ে অভিনয় তো করছেনই এমনকী ওঁর এক বিখ্যাত সহ অভিনেতা সম্পর্কে খুল্লামখুল্লা প্রশংসা করেছেন। না, না অভিনয়ের জন্য এই প্রিয়াঙ্কা স্তুতি নয়! ডোয়েন জনসনের খোদাই করা চেহারা আর যৌন আবেদন সম্পন্ন শরীরী ভাষায় বেজায় মন গলেছে ‘কাশীবাঈ’-য়ের! ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে এই মারাঠী রমনীর চরিত্রে প্রিয়াঙ্কার মনভোলানো অভিনয় এখনও গোটা বলিউডে আলোচনার বিষয়।
প্রিয়াঙ্কা যা বলেন খোলসা করেই বলেন। এটাই তাঁর স্বভাবজাত। সুতরাং, ডোয়েন নিয়ে তিনি যা বলেছেন তা কেবলই বলার জন্য বলা তা মোটেই নয়! সম্প্রতি মার্কিন মুলুকের ‘পিপল’ পত্রিকা ডোয়েনকে ‘দ্য সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ’ বলে অভিহিত করেছে। আর তারপরই প্রিয়াঙ্কা নিজের টুইটার পেজে ওঁর ‘বেওয়াচ’ সিরিয়ালের সহ অভিনেতা সম্পর্কে লিখে দিয়েছেন, ‘কনগ্রাটস ডোয়েন! যারা সেক্সি তারা সেক্সিই থাকে! আমার দেখা অন্যতম মিষ্টি মানুষ তুমি! ভালোবাসা রইল!’ এটুকু লেখার সঙ্গে সঙ্গে আবার ‘পিপস’ ম্যাগাজিনের প্রচ্ছদে ডোয়েনের ছবিটাও পেস্ট করে দিয়েছেন প্রিয়াঙ্কা। হুঁ হুঁ বাবা কী বুঝলেন? ডাল মে কুছ কালা হ্যায়?
