বিনোদন ডেস্ক :: বেশ কয়েকটি হিন্দি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। ‘হ্যালো ব্রাদার’, ‘কিক’ এবং ‘হিরো’ ছবির পর এবার একটি মারাঠি সিনেমায় গান গাইলেন সালমান। অভিনেতা মহেশ মাঞ্জরেকার সিনেমাটির অ্যালবাম লঞ্চের দিন একথা জানান গণমাধ্যমে।
মহেশ পরিচালিত এই ছবির নাম ‘রুবিকস কিউব’। অনেকের হয়ত অজানা, সালমান এবং মহেশ দুজনেই বিশেষ বন্ধু। আর বন্ধুর অনুরোধেই এবার মারাঠি গানে কণ্ঠ দিলেন সালমান। জানা গেছে, এই গানের অ্যালবাম সালমান তার বিয়িং হিউম্যান মিউজিক থেকে প্রকাশ করতে চেয়েছিলেন।
কিন্তু সময় স্বল্পতার জন্য এমনটি করা যায় নি। ছবিটি এই বছরের জুনে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। এই মুহূর্তে সালমান তার ‘টিউবলাইট’ ছবির কাজে ব্যস্ত আছেন। এটি শেষ করেই ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির কাজে হাত দেবেন তিনি। এই ছবিতে তার বিপরীতে থাকবেন ক্যাটরিনা কাইফ।
