সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৭
জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য জাপার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি বলেছেন, জাতীয় পার্টির শাসন আমলে জাতিসংঘে সৈন্য প্রেরন, ঢাকা রক্ষা বাধ, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে উন্নয়নের মহাসড়কের যাত্রা শুরু হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ।
সোমবার জাতীয় যুব সংহতি লুটন শাখা কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে বিচার ব্যবস্থা মানুষের দোরগোড়ায় নিয়ে এসেছিলেন সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভাগে বিভাগে হাইকোর্টের ব্রাঞ্চ করেছিলেন তিনি। ঔষধ নীতি বাস্তবায়নের কারনে আজ বাংলাদেশ হাজার হাজার কোটি মার্কিন ডলার আয় করছে। গার্মেন্টস থেকে রপ্তানির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আয় হচ্ছে।
সেলিম বলেন, জাপার শাসনামলে ৪২টি মহকুমাকে ভেঙ্গে ৬৪টি জেলায় উন্নীতকরন করা হয়, সিলেট-ঢাকা মহাসড়ক বাস্তবায়ন হয়, উপজেলা গঠনের ফলে গ্রামাঞ্চলে উল্লেখযোগ্যহারে গ্রামীন রাস্তা ও কালভার্ট নির্মাণ করা হয়। বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তুলেছিলেন সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি উপস্থিত নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে যেতে হবে।
জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সদস্য ও লুটন যুব সংহতির সভাপতি গুলজার আহমদের সভাপতিত্বে ও যুক্তরাজ্য যুব সংহতির আহবায়ক মনসুর আলম এবং সদস্য সচিব জবলু উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম- সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য জাকির হোসাইন, আতাউর রহমান আতা, যুক্তরাজ্য জাতীয় পার্টির সভাপতি সামছুল হক, সহ-সভাপতি সাজ্জাদুর রহমান পাবেল, ব্যারিষ্টার মুর্শেদ, রেজাউল হায়দার রাজু, যুব সংহতির নেতা নূর নাবিল, কামরুল হাসান টিটু, তুফায়েল আহমদ প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
Design and developed by ওয়েব হোম বিডি