সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুন ১০, ২০১৭
বিনোদন ডেস্ক :: বাহুবলীর কোনও পর্বেই তাঁকে দেখা যায়নি। তবুও ওই ফিল্ম নিয়ে আলোচনায় প্রায়শই উঠে এসেছে শ্রীদেবীর নাম। বাহুবলীর অফার কেন ছেড়ে ছিলেন? পারিশ্রমিকই কি তার প্রধান কারণ? না অন্য কিছু! বিষয়টি নিয়ে পেজ থ্রি-র পাতায় বিস্তর জল্পনা হয়েছে। তবে তা নিয়ে কখনও কোনও মন্তব্য করেননি শ্রীদেবী। শেষমেশ এ নিয়ে মুখ খুলেছেন তিনি। এবং জল ঢেলে দিলেন বাহুবলী বিতর্কে।
ঠিক কী বলেছেন শ্রী? তা জানার আগে একটু পিছনে ফিরে তাকানো যাক! বাহুবলীতে রাজমাতা শিবগামীর চরিত্রে রাম্যা কৃষ্ণণ নন, পরিচালক এস এস রাজামৌলির প্রথম পছন্দ ছিলেন শ্রীদেবী। তবে সে অফার-এ সায় দেননি তিনি। বরং বাহুবলীকে সরিয়ে তামিল পিরিয়ড ড্রামা পুলিতে রানির ভূমিকায় অভিনয় করতে রাজি হন শ্রী। শিবগামীর চরিত্রে দেখা যায় রাম্যা কৃষ্ণনকে। এর পরের কাহিনী তো ইতিহাস!
বক্স অফিস কালেকশনের দিক থেকে দেশের সবচেয়ে সফল ফিল্মের তকমা জোটো বাহুবলী ২: দ্য কনক্লুশন-এর। পাশাপাশি, সিনেমা হলে দর্শক টানতে রীতিমতো মুখ থুবড়ে পড়ে ‘পুলি’। অথচ চলতি বছরের এপ্রিলে রিলিজের পর এখনও পর্যন্ত থামেনি বাহুবলীর দৌড়। দেশ-বিদেশ মিলিয়ে ইতিমধ্যেই ১৭ হাজার কোটির ব্যবসা করে ফেলেছে এই পিরিয়ড ড্রামা।
কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো অনেকেই প্রশ্ন করতে শুরু করেন, শ্রীদেবী কি তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় ভুলটা করলেন? রাজামৌলির বাহু ছেড়ে কেনই বা পুলিতে অভিনয়ে রাজি হলেন? এক সময় তো এ নিয়ে শুরু হয় জল্পনাও। পারিশ্রমিক পছন্দ না হওয়াতেই নাকি বাহুবলীর অফার ছেড়ে দেন শ্রীদেবী।
এ নিয়ে স্বয়ং শ্রী অবশ্য কোনও কথা বলেননি। তবে সম্প্রতি তাঁর পরবর্তী ফিল্ম মম-এর প্রচারে গিয়ে বাহুবলী প্রসঙ্গে মুখ খুলেছেন শ্রীদেবী। তিনি বলেন, অন্য এক অভিনেতা শিবগামীর চরিত্রে অভিনয় করেছেন। আর দুটি ভার্সনেই বেশ ভাল কাজ করেছেন। ফিল্মটা বেশ জনপ্রিয়ও হয়েছে। ফলে এখন এ নিয়ে কথা বলে কী লাভ?
বোঝাই যাচ্ছে, বাহুবলীতে তাঁর অভিনয় না করা নিয়ে যতই জল্পনা চলুক না কেন, সে বিতর্কে আর নিজেকে জড়াতে চান না তিনি। বরং অনেকেই জানিয়েছেন, যে ভাবে শ্রীদেবী কৌশলী উত্তর দিয়েছেন তা বেশ তারিফযোগ্য।
Design and developed by ওয়েব হোম বিডি