সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৭
মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলা ছাত্রলীগের যাচাই-বাছাইয়ের জালে আটকে আছে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি। বিশ্বনাথ ছাত্রলীগের কর্মী সম্মেলনের চার মাসেও অতিবাহিত হলেও কমিটি ঘোষণা করতে পারেনি জেলা ছাত্রলীগ। তাই হতাশ হয়ে পড়েছেন পদ প্রত্যাশী নেতারা। এ নিয়ে দলের ভেতরে ও বাইরে চলছে নানা আলোচনা-সমালোচনা।
কমিটির সভাপতি পদে আবদুল মালিক সুমন, মুহিবুর রহমান সুইট ও শীতল বৈদ্য মূল আলোচনায় রয়েছেন। তাদের নিয়ে স্থানীয় সংগঠনের ভেতরে চলছে স্নায়ুযুদ্ধ। কমিটির সভাপতি হতে তাদের সাধ্যমতে সিনিয়র নেতাদের কাছে তদবির চালিয়ে যাচ্ছেন। রাত-দিন রাজপথে কর্মীদের নিয়ে চালিয়ে যাচ্ছেন কার্যক্রম। কিন্তু তারপরেও এই তিন নেতার মধ্যে দলের জন্য কে কতটা সক্রিয় ও নিক্রিয় রয়েছেন এ নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।
সভাপতি পার্থী মুহিবুর রহমান সুইট রাজনৈতিক তদবিরের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও সরব। তবে কারা আসছেন ছাত্রলীগের দায়িত্বে এনিয়ে নেতাকর্মীর মধ্যে কানাঘুষা প্রতিনিয়ত চলছে।
গত ১৬ মার্চ বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের কর্মী সম্মেলনের নামে অনুষ্ঠিত হয় উপজেলা ছাত্রলীগের সম্মেলন। ওই সম্মেলন শেষে জেলা ছাত্রলীগের কাছে প্রার্থীদের সিভি জমা দিতে নির্দেশ দেয়া হয়। আর ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে সভাপতি পদে আবদুল মালিক সুমন, মুহিবুর রহমান সুইট ও শীতল বৈদ্য জেলা ছাত্রলীগের কমিটির কাছে সিভি জমা দেন। ওই সম্মেলনে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ফলে বর্তমানে ছাত্রলীগের কমিটি নেই।
এদিকে, সাধারণ সম্পাদক পদে শাহ বুরহান আহমদ রুবেল, মোবারক হোসেন ও কাওসার মিয়া সিভি জমা দিয়েছেন বলে জানা গেছে। কিন্তু ওই কর্মী সম্মেলনের চার মাসেও অতিবাহিত হলেও কমিটি ঘোষণা করেনি জেলা ছাত্রলীগ।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
Design and developed by ওয়েব হোম বিডি