সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৭
শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
এছাড়াও শাখা ছাত্রলীগের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহারের পাশাপাশি সহ-সভাপতি রুহুল আমিনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব এবং আগামী ১০ অক্টোবর শাখা ছাত্রলীগের নতুন সম্মেলনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে, শাবিপ্রবি শাখা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার সম্পাদক সাইফ উদ্দিন বাবু জানান, কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। সংগঠনকে গতিশীল করার জন্যই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল যৌন হয়রানির প্রতিবাদ করায় সঞ্জীবন চক্রবর্তী পার্থের নির্দেশে দুই সাংবাদিককে মারধর করেন ছাত্রলীগ কর্মীরা। এর প্রেক্ষিতে ১২ এপ্রিল শাখা ছাত্রলীগের সকল কার্যক্রম কেন্দ্র থেকে স্থগিত ঘোষণা করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি