সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৭
‘বিএনপি নির্বাচনে গেলে আওয়ামী লীগ ২৫টি আসনও পাবে না’- মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগের ২৫ আসন পাওয়ার গল্প বিএনপির রঙিন খোয়াব।
শনিবার (২১ অক্টোবর) সিলেটে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
মন্ত্রী বলেন, খালেদা জিয়ার সংবর্ধনায় যত মানুষ হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দিন শুধুমাত্র তার চেয়েও বেশি মহিলা এসেছিলেন।
তিনি আরো বলেন, খালেদা জিয়া তিন মাস পর দেশে ফিরে রাজপথ দখল করে জনগণকে সীমাহীন কষ্ট দিয়েছেন। ক্ষমতা পেলে কি করবেন, আল্লাহই ভালো জানেন।

নতুন সদস্য ও পুরাতন সদস্যদের নবায়ন করে নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, আপনারা নতুন ভোটার ও মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সদস্য করুন।
তিনি বলেন, নতুন সদস্য সংগ্রহ করে সবাইকে বঙ্গবন্ধুর পতাকাতলে আনতে হবে। তবে খেয়াল রাখতে হবে চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও স্বাধীনতা বিরোধিরা যেন সদস্য হতে না পারে।
সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা আওয়ামী লীগ ও বিরোধীদের খোঁজ নিচ্ছি। সর্বাধিক জনপ্রিয় যিনি তিনিই মনোনয়ন পাবেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিছবাহ উদ্দিন সিরাজ প্রমুখ।
এরআগে গত শুক্রবার রাত ১০টার দিকে ওবায়দুল কাদের সিলেটে পৌঁছে হযরত শাহজালাল এবং পরে শাহপরাণ দরগাহ মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তিনি সার্কিট হাউসের দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
রাত সাড়ে ১১টার দিকে সার্কিট হাউজে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন- সিলেট আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। এছাড়া যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মী ওবায়দুল কাদেরকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি