সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৭
কলকাতার এই মন্দিরে অমিতাভ বচ্চনের মূর্তি প্রতিষ্ঠা করে রীতিমতো দেবতাজ্ঞানে পূজার্চনা শুরু করছেন বিগ-বি-র ভক্তেরা।
ভক্তের কাছে তাঁর ভক্তির পাত্র সর্বদাই ভগবানতুল্য— সে তিনি ঈশ্বরই হোন, অথবা রক্তমাংসের মানুষ। এই কথাই যেন নতুন করে প্রমাণ করল কলকাতার অমিতাভ বচ্চন টেম্পল। অল বেঙ্গল অমিতাভ বচ্চনস ফ্যানস অ্যাসোসিয়েশন(এবিএফএ)-এর প্রতিষ্ঠিত এই মন্দিরে অমিতাভ বচ্চনের মূর্তি প্রতিষ্ঠা করে রীতিমতো দেবতাজ্ঞানে পূজার্চনা শুরু করছেন বিগ-বি-র ভক্তেরা।
বন্ডেল গেটে ক্যালকাটা কেমিক্যালের মার্গো ফ্যাক্টরির ঠিক পাশে গড়ে উঠেছে এই মন্দির, যেখানে কোনও দেবদেবী নন, পূজিত হচ্ছেন বলিউড বাদশা অমিতাভ বচ্চন। কিন্তু কেন হঠাৎ রুপোলি পর্দার নায়ককে পুজোর কথা মনে হল তাঁর ভক্তদের? এবিএফএ-র সভাপতি সঞ্জয় পাটোদিয়া এই প্রসঙ্গে এবেলা.ইন-কে জানালেন, মন্দির আজকের নয়। ২০০১ সালেই প্রিয় নায়কের প্রতি নিজেদের ভক্তি প্রকাশের মাধ্যম হিসেবে এই মন্দির তথা মিউজিয়ম গড়ে তোলেন অমিতাভ-ভক্তেরা। সেই বছরই মুক্তি পেয়েছিল অমিতাভ অভিনীত এবং রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ছবি ‘অকস্’। সিনেমায় একটা বিপুল আকৃতির সিংহাসনে বসে থাকতে দেখা গিয়েছিল অমিতাভকে। সিংহাসনটি পছন্দ হয় অমিতাভ-ভক্তদের। তাঁরা রাকেশ ওমপ্রকাশ মেহরার কাছে সিংহাসনটির জন্য আবদার করেন। ‘রাকেশজি আমাদের সিংহাসনটি দিয়ে দেন। এত কাল সেই আসনটিই দেবতাজ্ঞানে আমরা পুজো করতাম’; জানান সঞ্জয় পাটোদিয়া। তবে শুধু সিংহাসন নয়, সেই সঙ্গে অমিতাভের পরিহিত একটি স্যুট— যেটি তিনি পরেছিলেন ‘তুফান’ বা ‘অগ্নিপথে’র মতো সিনেমায়— সেটিকেও পুজো করা হতো।
কিন্তু এ বার পুরোদস্তুর অমিতাভের মূর্তি বানিয়ে তাঁর পুজো শুরু করেছেন অমিতাভ-ফ্যানেরা। তার বিশেষ কারণও রয়েছে। ২০১৭-র ১১ অক্টোবর ৭৫ বছরে পা দেবেন বিগ-বি। সেই উপলক্ষেই তাঁর ফাইবারের মূর্তি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় এবিএফএ। মূর্তিটি বানিয়ে দিয়েছেন যাদবপুরের বাসিন্দা সুব্রত বোস। অমিতাভ ৬ ফুট ২ ইঞ্চি লম্বা। ‘সরকার’-এর সাজে সজ্জিত মূর্তিটিও তাই ৬ ফুট ২ ইঞ্চি দীর্ঘ। ‘তবে ওই সিংহাসনে বসানোর ফলে মূর্তিটিকে কয়েক ইঞ্চি ছোট বলে মনে হতে পারে’; জানালেন সঞ্জয়। মূর্তি-শিল্পী সুব্রত নিজেও আপাদমস্তক অমিতাভ-ভক্তিতে নিমজ্জিত। কাজেই মূর্তি তৈরির জন্য কার্যত কোনও পারিশ্রমিকই তিনি নেননি। ১২ মে মুক্তি পেয়েছে অমিতাভের নতুন ছবি ‘সরকার ৩’। সেই দিনেই মূর্তির আবরণ উন্মোচিত হয়।
এখন নিত্য পূজা হচ্ছে ‘দেবতা’ অমিতাভের। কিন্তু প্রত্যেক দেবতারই তো পুজোর কিছু নির্দিষ্ট রীতি থাকে, মন্ত্র থাকে। অমিতাভ-দেবের পুজো হয় কোন মন্ত্রে? সঞ্জয় জানালেন, ‘বিকানেরের এক অমিতাভ-ভক্ত আমাদের জন্য হনুমান-চালিশার ঢঙে এক অমিতাভ-চালিশা লিখে দিয়েছিলেন। অমিতাভ বচ্চনের গুণ এবং গরিমার বর্ণিত হয়েছে সেই চালিশায়। আমাদের ভগবানের আরাধনার জন্য আমরা সেই অমিতাভ-চালিশা পাঠ করি।’ এ ছাড়া আরতি, বা পুষ্পাঞ্জলি তো রয়েছেই। তবে এই পূজা কোনও ব্রাহ্মণ পুরোহিত করেন না। প্রকৃত অমিতাভ-ভক্তই এ ক্ষেত্রে পুজোর একমাত্র অধিকারী।
এবিএফএ অবশ্য এই প্রতিষ্ঠানকে মন্দিরের তকমা দিতে চাইছে না। সঞ্জয় বলছেন, ‘আমরা জোর করে কাউকে বলতে চাই না যে, অমিতাভ বচ্চনকে ভগবান জ্ঞানে শ্রদ্ধা করো। ভক্তি-শ্রদ্ধা তো অন্তরের বিষয়। আমরা তাই প্রকাশ্যে এই প্রতিষ্ঠানকে অমিতাভ মিউজিয়াম বলতেই ভালোবাসি। আমাদের কাছে যদিও এটি মন্দিরই।’ অমিতাভের বিগ্রহের পাশাপাশি সুপারস্টারের জুতো এবং বিভিন্ন মুডের ছবিও শোভা পাচ্ছে এই মিউজিয়ামে। ভক্তদের ভিড়ও মন্দ হচ্ছে না।
দক্ষিণ ভারতে ইতিপূর্বে ফিল্ম তারকাদের নামে মন্দির প্রতিষ্ঠিত হতে দেখা গিয়েছে। এ বার খোদ কলকাতাতেই পুজো পেতে শুরু করলেন বিগ-বি। এই অভিনব মন্দিরের কথা কি স্বয়ং অমিতাভের কানে পৌঁছেছে? সঞ্জয় জানাচ্ছেন, ‘আমরা আলাদা করে কিছু জানাইনি। মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে অমিতজির অনুমতিও নিইনি। তবে আপনারা এই নিয়ে খবর করছেন যখন, নিশ্চয়ই তিনি জানতে পারবেন। জানার পরে অবশ্য তিনি অসন্তুষ্টও হতে পারেন, কারণ উনি নিজে সব সময়ে বলেন, আমাকে মানুষ থাকতে দাও, দেবতা বানিও না।’ অমিতাভ এই মন্দিরের কথা জানুন বা না-জানুন, জানার পরে সন্তুষ্ট হোন বা অসন্তুষ্ট, ‘প্রিয়’কে ‘দেবতা’ করে তোলার ঐতিহ্যের নতুন দৃষ্টান্ত হিসেবেই প্রতিষ্ঠিত হয়ে রইল কলকাতার অমিতাভ-মন্দির। সূত্র: এবেলা.ইন
Design and developed by ওয়েব হোম বিডি