সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৭
পর্নোগ্রাফির অভিযোগে এনে অভিনেত্রী কুসুম শিকদারসহ সাতজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ১৮ই ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার মহানগর হাকিম নুরুন নাহার ইয়াসমিন এ দিন ধার্য করেন।
মামলার বাদী ঢাকা বারের আইনজীবী খন্দকার নাজমুল আহসান এ বিষয়ে সাংবাদিকদের জানিয়ে বলেন, রমনা থানা পুলিশ আজ তদন্ত প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন দিন ধার্য করেন। গত ১৭ই সেপ্টেম্বর ঢাকার মহানগর হাকিম নুরন্নাহার ইয়াসমিনের আদালতে মামলাটি দায়ের করেন আইনজীবী খন্দকার নাজমুল আহসান। ওই দিন বিচারক মামলাটি তদন্তের জন্য রমনা থানার ওসিকে তদন্ত করার নির্দেশ দেন।
মামলায় মডেল কুসুম শিকদার ছাড়াও সহমডেল খালেদ হোসাইন সুজন, ভিডিওটির পরিচালক শুভ্র খান ও শ্রাবণী এবং ভিডিও প্রকাশক প্রতিষ্ঠান ‘বঙ্গ’ (স্টেলার ডিজিটাল লি.)-এর ব্যবস্থাপনা পরিচালকসহ কয়েকজনকে আসামি করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, গত ৩ আগস্ট ‘বঙ্গ’ নামে প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল ‘বঙ্গবিডি’ থেকে অভিনেত্রী কুসুম শিকদারের ‘নেশা’ শিরোনামে একটি মিউজিক ভিডিও মুক্তি পায়। মুক্তির সঙ্গে সঙ্গেই ভিডিওতে কুসুম শিকদারের আবেদনময়ী উপস্থিতি নিয়ে গণমাধ্যমে ও সামাজিক মাধ্যমে জোর সমালোচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে মামলাটি দায়ের করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি