সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৭
সংবিধানের কোনো পরিবর্তন ছাড়াই নির্বাচন হবে। বিএনপি যদি নির্বাচনে আসতে চায় তাহলে বাংলাদেশের আইন মেনে নির্বাচনে আসতে হবে। কোনো নতুন আইন করে তাদেরকে নির্বাচনে আনার কোনো প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করেই হবে, এতে বিএনপির কোনো দাবি মানা হবে না।
শনিবার (০৯ ডিসেম্বর) মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ দলিল লেখক সমিতির ‘কেন্দ্রীয় কাউন্সিল’২০১৭ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সংবিধান নিয়ে যারা ফুটবল খেলেছিল। যারা বাংলাদেশকে পাকিস্তান করার চেষ্টা করেছিল, তাদের কোনো কথা, কোনো দাবি আর মানা হবে না।
মন্ত্রী বলেন, ১৯৭২ সালে ৪ নভেম্বর বঙ্গবন্ধু গণপরিষদে দাঁড়িয়ে আমাদের যে সংবিধান দিয়ে গেছেন, সেই সংবিধানের কোনো পরিবর্তন ছাড়াই নির্বাচন হবে। নির্বাচন করবে নির্বাচন কমিশন। আর সরকারের দায়িত্বে থাকবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। তার কারণ হচ্ছে এটাই আমাদের সংবিধান বলে দেয়।
সংগঠনটির সভাপতি মো. নূর আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু এমপি, আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, খান মো. আব্দুল মান্নান প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি