সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৮
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘আইন, নির্বাহী ও বিচার বিভাগের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কেবল একটি দেশ উন্নয়নের পথে অগ্রসর হতে পারে। যেখানে তিন অঙ্গের মধ্যে কাজের সমন্বয়ের অভাব থাকে, সেখানে উন্নয়ন ব্যাহত হবে। তিন অঙ্গের কাজের মধ্যে সমন্বয় রক্ষার চেষ্টা করব।’
শনিবার (৩ ফেব্রুয়ারি) নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সৈয়দ মাহমুদ হোসেন। আজ রোববার সকালে প্রথা অনুসারে তাকে অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। আপিল বিভাগের প্রধান বিচারপতির এজলাস কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সেখানে উভয় বিভাগের বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘সুপ্রিম কোর্টের সংবিধানের কাঠামোর মধ্যে থেকে তার নিজ দায়িত্ব পালন করেন, সেই বিষয়টি নিশ্চিত করতে চেষ্টা করব। আমাদের এমনভাবে আদালতের ভাবমূর্তি গড়ে তুলতে হবে যেন আদালত প্রাঙ্গণে শক্তিমান-দুর্বল, ধনী-গরিব, সকলের মধ্যে এই বিশ্বাস জন্মে যে তারা সকলেই সমান। এবং আদালতের কাছ থেকে শুধু আইন অনুযায়ী তারা ন্যায়বিচার পাবেন। এতে আদালতের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস দৃঢ় হবে।’
প্রধান বিচারপতি আরো বলেন, এক জন বিচারকদের সবচেয়ে বড় শক্তি সততা। জবাবদিহির জায়গা হচ্ছে নিজের বিবেক। সংবিধান ও দেশের আইনকে দৃঢ়ভাবে ধারণ করে কারো প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে বিচারকাজ পরিচালনা করা হবে তার একমাত্র দায়িত্ব। বিচারক যদি শুধু তার শপথ অনুযায়ী বিচারকাজ পরিচালনা করেন, তাহলে তার জন্য আলাদা আচরণবিধির প্রয়োজন হয় না।
Design and developed by ওয়েব হোম বিডি