সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৮
দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী, পশতুন মঞ্চ ও নৃত্যশিল্পী সামবুল খান। শনিবার তিন দুর্বৃত্ত মারদান-ভিত্তিক এই হার্টথ্রব নারীশিল্পীকে প্রকাশ্য দিবালোকে তার বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, শনিবার তিন দৃর্বৃত্ত দরজা ভেঙে ঢুকে পড়ে সামবুল খান বাড়িতে। তারপর অভিনেত্রী সামবুল খানকে একটি ঘরোয়া অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য তারা তাকে তাদের সঙ্গে যেতে বলে। সামবুল খান তাদের সঙ্গে যেতে রাজি নন বলে জানানোর সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তার ওপর গুলি চালায়।
পুলিশের মতে, তিন দুর্বৃত্তকেই তারা শনাক্ত করতে পেরেছে। এ ঘটনায় পুলিশ একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। তাতে তিনজন সন্দেহভাজনকে খুনি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই তিনজনের মধ্যে আছে পুলিশের সাবেক ইন্সপেক্টর নাঈম খট্টক, ট্যাক্সিচালক নাসিব এবং প্রয়াত সঙ্গীতশিল্পী গাজলা জাভেদের স্বামী জাহাঙ্গীর খান।
এদের তিনজনের কাউকেই এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশ বলছে, এরই মধ্যে এদের গ্রেফতার করতে ব্যাপক অনুসন্ধান শুরু হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় রেইড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি