সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৮
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাধোখোলা খাসপাড়া এলাকায় মালিককে হত্যা করে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের দায়ে ৪ যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তাদের প্রত্যেককে অপর একটি ধারায় ১০ বছরে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি মো. হারিছ উদ্দিন আহমেদ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মুবিন খান ও নাসরিন আক্তার মায়া।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নরসিংদীর মনোহরদী উপজেলার কালিয়াকুড়ি গ্রামের চাঁন মিয়ার ছেলে কামরুল ইসলাম (২৭), গাজীপুরের কাপাসিয়ার ঘাগুটিয়া চালার বাজারের গণি ওরফে সুরুজ মিয়ার ছেলে শওকত (২৮), একই জেলার শ্রীপুর উপজেলার মাষ্টারবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে মিজান (২৯) ও নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাঘবেড় গ্রামের শাহজাহানের ছেলে শাহীন মিয়া (২৯)।
এদের মধ্যে খোরশেদ পলাতক রয়েছেন। রায়ে মামলার অপর দুই আসামি শিশির সংমা (২৮) ও খোরশেদ আলম নামে একজন অবসরপ্রাপ্ত বিডিআর সদস্যকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, ২০১২ সালের ১৯ জানুয়ারি বোনের বাড়ি যাওয়ার কথা বলে খোকা মিয়ার অটোরিকশা ভাড়া করে শ্রীপুর উপজেলার মাধোখোলা খাসপাড়া এলাকায় আসেন কামরুল ইসলাম। অটোরিকশাটি মাধোখোলা এলাকার গহীন জঙ্গলে পৌঁছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা কামরুলের সহযোগীরা অটোটি থামিয়ে খোকা মিয়াকে গলাকেটে হত্যা করেন। চালক জসিমকে হত্যা করার সময় আহত অবস্থায় দৌড়ে পালিয়ে যান।
খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোকা মিয়ার (৪০) গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় এসআই আবদুস সালাম বাদী হয়ে কামরুল ইসলাম ও অজ্ঞাতনামা আরো দুইজনকে আসামি করে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে পুলিশ তদন্তকালে আরো তিনজনের সম্পৃক্ততা প্রকাশ পায়। পুলিশ তদন্ত শেষে ২০১২ সালের ১৫ মে ৬ জনকে অভিযুক্ত করে গাজীপুর আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ১০জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক মঙ্গলবার এই রায় প্রদান করেন।
Design and developed by ওয়েব হোম বিডি