সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৮
এ বছরে ১৯ জানুয়ারি সারা দেশে মুক্তি পেয়েছে ভারতীয় বাংলা ছবি ‘জিও পাগলা’। আর ২৬ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ইন্সপেক্টর নটি কে’। দুটি ছবিই ভারত থেকে আমদানি করা। গত সপ্তাহে ‘জিও পাগলা’ দর্শক টানতে ‘ব্যর্থ’ হয়েছে এমনটাই জানিয়েছেন দেশের কয়েকটি প্রেক্ষাগৃহের কর্মকর্তা। তবে এরপরও আমাদানি করা ছবিগুলো চলছেই। কারণ, পরপর দুই সপ্তাহে মানসম্পন্ন নতুন দেশি ছবি নেই। তাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও হলের মালিকদের নির্ভর করতে হচ্ছে ওই আমদানি করা ছবিতেই।
গত বৃহস্পতিবার ঢাকা ও ঢাকার বাইরের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমদানি করা ভারতীয় বাংলা ছবিগুলো দেশি ছবির মতো দর্শক টানতে পারছে না।
সর্বশেষ ‘ইন্সপেক্টর নটি কে’ নিয়ে রাজধানীর বলাকা প্রেক্ষাগৃহের সহব্যবস্থাপক আকতার হোসেন জানান, গত দুই দিনে তাঁদের কোনো প্রদর্শনীই ‘হাউসফুল’ হয়নি। দর্শকের আনাগোনা ছিল খুবই কম।
একই রকম তথ্য দিয়েছেন রাজধানীর মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, আশপাশের আরও দুটি প্রেক্ষাগৃহে একই ছবি চলেছে। দর্শক যা একটু ছিল, তাও ভাগ হয়ে গেছে।
দেশের সিনেমা চলে না বলে অপপ্রচার চালিয়ে কলকাতার ছবির বাজার তৈরি করা হচ্ছে বাংলাদেশে। অথচ জিৎ, দেব, অঙ্কুশ, সোহম, প্রসেনজিৎ, কোয়েল, শুভশ্রী ও শ্রাবন্তীর মত সুপারস্টারদের একটি ছবিও এখানে ব্যবসা করতে পারছে না। কলকাতার সুপারস্টারদের বিগ বাজেটের সুপারহিট ছবিগুলোও এপারে এসে লোকসানের মুখে পড়ছে। তবু কেন সাফটা চুক্তিতে কলকাতার ছবি আনা হচ্ছে সেই প্রশ্নের উত্তর মেলে না।

এদিকে খোঁজ নিয়ে দেখা গেছে, সাফটা চুক্তির নিয়ম রক্ষা করতে একটি ছবি আমদানির বিনিময়ে বাংলাদেশ থেকেও একটি ছবি কলকাতায় পাঠানো হচ্ছে। চলচ্চিত্রপাড়ার মানুষদের দাবি, এটি কেবলই একটি আইওয়াশ। কলকাতায় যেসব ছবি পাঠানো হচ্ছে তার অধিকাংশই তৃতীয় সারির সিনেমা। যা বিদেশের বাজারে ঢাকাই সিনেমার নেতিবাচক প্রচার করছে। সেইসঙ্গে ঢাকা থেকে যাওয়া ছবিগুলো না পায় হলের আতিথ্য না পায় হল আর না পায় কোনো রকম প্রচারণা। অথচ, কলকাতার ছবিগুলো এনে প্রায় শতাধিক হলে মুক্তি দেয়া হয়। আর সাথে বাজানো হয় প্রচারের ঢাক-ঢোল।
অন্যদিকে ভারতীয় ছবি আমদানি নিয়ে দীর্ঘদিন ধরে দেশের চলচ্চিত্র অঙ্গনে হতাশা বিরাজ করছে। বাংলাদেশের ছবি আমদানি ও রফতানির ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় নীতিমালা ২০১৫-২০১৮ অনুযায়ী বাংলাদেশে ভারতীয় ছবি আমদানি করতে হলে সমান সংখ্যক ছবি রফতানি হতে হবে। বাংলাদেশ থেকে ছবি রফতানি করার পর আমদানি করতে হবে। এ ছাড়া ছবি রফতানির পর ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে এটি প্রদর্শন করতে হবে।

হল দখলে সাফটায় আমদানি করা ওপারের বাংলা ছবিগুলো এগিয়ে থাকায় দেশীয় নির্মাতারা হল না পেয়ে হতাশ হচ্ছেন। তারা ছবি নির্মাণে উৎসাহ হারাচ্ছেন। একটা সময় ফাঁকা মাঠেই চলবে কলকাতার সিনেমার রাজত্ব। পাশাপাশি সাফটা চুক্তিতে সাফটা চুক্তিতে কেবলই কলকাতার ছবিগুলো আনা হচ্ছে কেন? বলিউড কিংবা সাফটা চুক্তিবদ্ধ অন্য দেশগুলোর ছবি কেন মুক্তি দেয়া হয় না? সাফটা তো কেবল কলকাতার সঙ্গেই সীমাবদ্ধ নয়, তবে অন্য দেশের বা ভারতের অন্য প্রদেশের ছবিগুলো কেন আসছে না? অনেকেই দাবি করেন, এটি হতে পারে গভীর ষড়যন্ত্রের নীল নকশা। এভাবে দিনে দিনে কলকাতার ছবি দিয়ে ধ্বংস করে দেয়া হচ্ছে দেশীয় সিনেমাকে। এমনকি সাফটা চুক্তির সঙ্গে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ও জড়িত। তাদের প্রতিনিধিদের সঙ্গে বসে এর সুরাহা করতে হবে। কিন্তু সেই বসা আজও হয়নি। এছাড়াও দেশীয় ছবির প্রযোজক ও নির্মাতারাও পাচ্ছেন না প্রতিকার।
এ প্রসঙ্গে পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘ভারতের তুলনায় আমাদের চলচ্চিত্রের বাজার অনেক ছোট। তারা নিজেদের বাজারের কথা ভেবেই ছবি নির্মাণ করেন। ফলে তাদের ছবি নির্মাণের বাজেট অনেক বেশি হয়। এমন বড় বাজেটের ছবি যখন-তখন এ দেশের প্রেক্ষাগৃহে চলতে পারে না। সে ক্ষেত্রে আমদানি-রফতানির নিয়ম মানা খুব জরুরি। কিন্তু একশ্রেণির চলচ্চিত্র ব্যবসায়ী সে নিয়ম মানছেন না। মূলত, তারা আমাদের চলচ্চিত্র শিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছেন। তাদের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। না হলে বাংলা চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে।
অন্যদিকে সাফটার আওতায় ছবি মুক্তির ধারাবাহিকতায় গত বছরে নভেম্বরের প্রথম সপ্তাহে অঙ্কুশ হাজরা ও নুসরাত জাহান অভিনীত ‘বলো দুগ্গা মাঈকি’ ছবিটি মুক্তি পায় বাংলাদেশে। ছবিটি এনেছিলেন ‘তিতাস কথাচিত্র’ কর্ণধার আবুল কালাম আজাদ। তবে সেই ছবিটিও কোন আশার মুখ দেখেননি।
Design and developed by ওয়েব হোম বিডি