সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৮
গত বছরের ১৫ ডিসেম্বর সারা দেশে মুক্তি পেয়েছিল পরীমনি ও জায়েদ খান অভিনীত ‘অন্তর জ্বালা’। মালেক আফসারী পরিচালিত ছবিটি প্রয়াত নায়ক মান্নার স্মরণে তার এক অন্ধ ভক্তের কাহিনি নিয়ে নির্মিত হয়েছিল। কিন্তু মুক্তির পর দেশের বাজারে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি ‘অন্তর জ্বালা’।
জায়েদ-পরীর সেই ‘অন্তর জ্বালা’ এবার মুক্তি পাচ্ছে সুইডেনে। পহেলা বৈশাখ উপলক্ষে ‘আমরা কজন’ নামের একটি বাংলাদেশি সংগঠন সুইডেনের রাজধানী স্টকহোমের হালুমদা ফলকেট হাউজে ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করেছে।
বিদেশের মাটিতে নিজের অভিনীত ছবি মুক্তি পাওয়ার খবরে ভীষণ খুশি ‘অন্তর জ্বালা’র নায়ক জায়েদ খান। তিনি বলেন, ‘সুইডেনে আমার ছবি মুক্তি পেতে যাচ্ছে, নিঃসন্দেহে খবরটি ভীষণ আনন্দের। আগামীতে আমেরিকা, সিডনি ও ইতালিতেও ‘অন্তর জ্বালা’মুক্তির প্রক্রিয়া চলছে।’
অভিনয়ের পাশাপাশি ‘অন্তর জ্বালা’ প্রযোজনাও করেছিলেন নায়ক জায়েদ খান। ছবিটির পরিবেশক নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি কথাচিত্র। পরী-জায়েদ ছাড়াও এটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা, চিকন আলী, বড়দা মিঠু, মিজু আহমেদ ও অমিত হাসান।
Design and developed by ওয়েব হোম বিডি