সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৩
সুরমামেইল ডেস্ক :
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারও হস্তক্ষেপ প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, অনেক দেশ বাংলাদেশের একটি দলের ওপর চাপ সৃষ্টি করছে যা অগ্রহণযোগ্য। চাপের পরও বাংলাদেশ তার নিজের স্বার্থ রক্ষা করে চলবে বলেই আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
ল্যাভরভ বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ আমাদের ভালো এবং পুরোনো অংশীদার। অনেক ধরনের অসুবিধা থাকা সত্ত্বেও আমাদের রাজনৈতিক সংলাপ চালিয়ে গেছি। দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশ আমাদের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার বলেও মন্তব্য করেন ল্যাভরভ।
রুশ পররাষ্ট্রমন্ত্রী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শিডিউল অনুযায়ী চলছে বলে আমরা জানতে পেরেছি। বাংলাদেশে এলএনজি, সার, গম রপ্তানির জন্য আলোচনা চলছে। নিষেধাজ্ঞার কারণে সাপ্লাই-চেইনে সমস্যা হয়েছে সত্যি, তবে রূপপুর পারমাণবিক কেন্দ্রের সব মালামাল সময়মতো বাংলাদেশে পৌঁছেছে।
এসময় তিনি জানান, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের মালামালের মূল্য পরিশোধের ক্ষেত্রে দুই দেশের স্থানীয় মুদ্রা বিনিময় নিয়ে আলোচনা চলছে। আর এর জন্য নিউক্লিয়ার ফুয়েল বাংলাদেশে আসবে অক্টোবরে।
এর আগে, সন্ধ্যা ৬টায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছান। হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। পরে তারা বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ফটোসেশনে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর গত ৫২ বছরে মস্কোর কোনো প্রতিনিধির এটাই প্রথম ঢাকা সফর।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সের্গেই ল্যাভরভ। পরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন তিনি। দুপুরে ভারতে জি-২০ সম্মেলনে অংশ নিতে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি