সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৭
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অসুস্থতা নয়, বাধ্যতামূলক ছুটিতে প্রধান বিচারপতিকে দায়িত্ব পালন থেকে বিরত রেখেছে সরকার। এছাড়া উচ্চ আদালতও সরকারের স্বৈরাচারী আক্রমণের শিকার।
বুধবার বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ৫ জানুয়ারির একদলীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের পরই সরকার গুম-খুন ও মিথ্যা মামলার মাধ্যমে বিরোধীদলের নেতাকর্মীদের কোনঠাসা করে রাখছে। এছাড়া সরকার এখন দেশে বাকশাল কায়েমের অপচেষ্টায় রত আছে।
তিনি আরো বলেন, প্রধান বিচারপতি মাত্র কয়েক দিন আগে জাপান ও কানাডা সফর করে এসেছেন। এসব দেশে উন্নত চিকিৎসা থাকা সত্ত্বেও তিনি সেখানে কোনো চিকিৎসা গ্রহণ করেছেন বলে দেশবাসী জানে না। এমনকি গত পরশু তিনি সুপ্রিম কোর্টে তার কার্যালয়ে বসে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, ফাইল সই করেছেন। এছাড়া নিয়মিত প্রধান অনুযায়ী মঙ্গলবার সব বিচারপতিকে নিয়ে আইনজীবীদের সঙ্গে পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেয়ার সিদ্ধান্তও দিয়েছিলেন।
অথচ আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল বলেছেন, তিনি নাকি ক্যানসারে আক্রান্ত হয়ে ছুটি নিয়েছেন। সোমবার সুপ্রিম কোর্ট বারের নেতারা গিয়েছিলেন তার বাসায়।সেখানে তার (প্রধান বিচারপতি) পক্ষ থেকে সাংবাদিকদের জনৈক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, প্রধান বিচারপতি বলেছেন, ‘আমি সুস্থ আছি। কিন্তু কথা বলতে পারবো না।
বিএনপি মহাসচিব বলেন, এসব কিছু থেকে প্রমাণিত হয় প্রধান বিচারপতি অসুস্থ নন। তাকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি