সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৭
নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন প্রতিযোগিতায় অসুস্থ কোন্দলে জড়ালে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ার করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
কাদের বলেন, মাঝে মাঝে কিছু সমস্যা আছে। নির্বাচনকে সামনে রেখে সুস্থ প্রতিযোগিতা থাকবে। কোনো প্রার্থী আগ্রহ প্রকাশ করতেই পারে। কোনো জায়গায় ১০-১৫ জন প্রার্থী আছে, থাকতে পারে। কিন্তু মনোনয়ন বোর্ডের মাধ্যমে দলীয় মনোনয়ন দেবেন আমাদের সভাপতি শেখ হাসিনা।
তিনি বলেন, আর প্রতিযোগিতা অসুস্থ হলে শাস্তি হবে। সুস্থ প্রতিযোগিতা আমরা নিজেরাই উদ্বুদ্ধ করছি। কারণ আমাদের দলের সুস্থ গণতন্ত্রের একটা প্রতিযোগিতা হয়।
আওয়ামী লীগে অন্যায়কারী শাস্তির বিধান রয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের যদি কোনো মেজর সমস্যা হয়, আমরা যদি ব্যর্থ হই তাহলে আমাদের নেত্রীর হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়। আমাদের পার্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে আমরা দিচ্ছি না। আমাদের দলের একজন অন্যায় করবে, শাস্তি পাবে না এটা হয় না। এমন ঘটনা যা ঘটেছে, আমরা প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। এমনকি আমাদের দলের নেতাকর্মীরা আদালতে গেলেও সরকার কোনো হস্তক্ষেপ করছে না।
তিনি বলেন, মনোনয়ন দেয়ার পর আওয়ামী লীগে বিদ্রোহের পরিমাণটা একেবারে কম। প্রার্থী মনোনয়ন শেষ হলে বলা যাবে কলহ-কোন্দল কী পরিমাণ। তবে এটা আমাদের জন্য কোনো বাধা হয়ে দাড়াবে না।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ঘোষণা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিতে কোনো গণতন্ত্র নেই। বাবা ছেলের নাম ঘোষণা করে, এটা কেমন গণতন্ত্র। আজকে দেখলাম বাবা (আব্দুল আওয়াল মিন্টু) তার ছেলেকে (তাবিথ আওয়াল) বিএনপির উত্তরের মেয়র প্রার্থী ঘোষণা করেছেন। এটা আওয়ামী লীগ কখনো করে না। বাবা বিএনপির নেতা, তিনি তার ছেলেকে মনোনয়ন দিয়েছেন। যেই ছেলের নাম প্যারাডাইজ পেপারে এসেছে।
খালেদা জিয়ার মামলায় সরকারের কোনো হাত নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা বলছেন খালেদা জিয়া নির্দোষ প্রমাণিত হবেন। খুব ভালো কথা। আদালতের বিচারে তিনি যদি নির্দোষ প্রমাণিত হন অবশ্যই খালাস পাবেন। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক সুজিত রায় নন্দী, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
Design and developed by ওয়েব হোম বিডি