সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুন ১০, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: আগামী নির্বাচনে অগ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে মনোনয়ন দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বিআরটিএ ও স্থানীয় প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন জরিপে জনগণের কাছে অগ্রহণযোগ্য কোনো ব্যক্তিকেই আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না। সহায়ক সরকারের যে কথা বিএনপি বলছে এমন বিধান কোনো গণতান্ত্রিক দেশে নেই। বিএনপি এ নামে যে আন্দোলনের হুমকি দিচ্ছে তাতে তাদের সঙ্গে নেই জনগণ।
ব্যারিস্টার মওদুদ আহমদকে বাড়ি থেকে উচ্ছেদের বিষয়ে তিনি বলেন, সর্বোচ্চ আদালতের রায়ে তাকে বাড়ি ছাড়তে হয়েছে। এখানে সরকারের কোনো হাত নেই। মওদুদ আহমদ আইনমন্ত্রী ছিলেন। আদালতের রায় তিনি মানেন না। বিএনপি ক্ষমতায় গেলে আইনের শাসন কতটুকু প্রতিষ্ঠিত হবে এতেই বুঝা যায়।
ওবায়দুল কাদের বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরনের কাভার্ডভ্যান, ট্রাক, লরিসহ ভারী যানবাহন চলাচল ঈদের আগে ও পরের তিনদিন বন্ধ থাকবে। তবে পচনশীল ও রফতানিযোগ্য গার্মেন্ট পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারবে। মহাসড়কে মোটরসাইকেলে হেলমেটবিহীন ও দুজনের অধিক ব্যক্তির চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশনা দেন সেতুমন্ত্রী।
এ সময় সওজ-কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাব উদ্দিন, নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলামুর রহমান, হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার পরিতোষ ঘোষ, বিআরটিএ-কুমিল্লা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) মো. নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি