সিলেট ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে শুক্রবার (০৮ অক্টোবর) জুমার নামাজের সময় একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫০ জন নিহত হয়েছেন বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। তবে, এ ঘটনায় ৭০-৮০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করছেন প্রতক্ষ্যদর্শীরা।
কুন্দুজ সেন্ট্রাল হাসপাতালের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এ পর্যন্ত ৩৫ জনের লাশ ওই হাসপাতালে এসেছে। এছাড়া ৫০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছেন তারা।
ডক্টর উইদআউট বর্ডার (এমএসএফ) পরিচালিত আরেকটি হাসপাতালের আরেকজন চিকিৎসক জানান, তাদের হাসাপাতালে ১৫ জনের লাশ নিয়ে আসা হয়েছে।
তালেবানে তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রুকবার কুন্দুজের রাজধানীর খানাবাদ বানদার এলাকার একটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। মসজিদটি শিয়া মতাবলম্বীদের। বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছে।
এদিকে, রয়টার্সের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। চলতি সপ্তাহে ধর্মীয় প্রতিষ্ঠানে এটি তৃতীয় হামলার ঘটনা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আজ শুক্রবার টেলিগ্রাম চ্যানেলে এ হামলার দায় স্বীকার করেছে আইএস এর আফগান শাখা আইএ-খোরাসান (আইএস-কে)।
Design and developed by ওয়েব হোম বিডি