সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর শ্বশুর প্রকৌশলী এমএইচ হাসান রাজা (৭৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন তিনি। শনিবার বেলা ১২টা ৫ মিনিটি তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরিবারের সদস্যরা জানান, লন্ডন থেকে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও তার দুই কন্যা জাহিয়া রহমান ও জাফিয়া রহমান দেশে ফিরলে মরহুমের দাফন করা হবে। বর্তমানে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে তার মরদেহ রাখা হয়েছে। ডিআইটির প্রকৌশলী এমএইচ হাসান রাজা মৃত্যুকালে স্ত্রী মুখলেমা রাজা, মেয়ে, দুই ছেলে রেখে গেছেন।
উল্লেখ্য, গত ১৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে পড়লে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও বেয়াইকে দেখতে হাসপাতালে যান।
কোকো ৪৫ বছর বয়সে ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানকে নিয়ে স্ত্রী শামিলা রহমান সিঁথি এখন লন্ডনে রয়েছেন।
আরাফাত রহমান কোকোর শ্বশুরের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক পৃথক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Design and developed by ওয়েব হোম বিডি