সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের যারা পুরস্কৃত করেছেন তাদের সাথে আওয়ামী লীগের কখনও সংলাপ হতে পারে না।
সোমবার বিকেলে রাজধানীর মতিঝিলের জনতা ব্যাংক ভবনের সামনে জনতা ব্যাংক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনীদের পুরস্কৃত করেছিলেন এবং তার স্ত্রী বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদকে সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত করেছিলেন।
তিনি আরো বলেন, তাই আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার কোন সংলাপ অনুষ্ঠিত হতে পারে না।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, দেশের সুশীল সমাজের কিছু সংখ্যক লোক বেগম খালেদা জিয়ার অপকর্মকে জায়েজ করার জন্য আওয়ামী লীগ সভাপতি এবং বিএনপি নেত্রীর মধ্যে সংলাপের কথা বলছেন।
তিনি বলেন, আইনের শাসনে বিশ্বাসীদের সাথে হত্যা, নাশকতা ও ষড়যন্ত্রকারীদের সাথে কখনও সংলাপ অনুষ্ঠিত হতে পারে না।
Design and developed by ওয়েব হোম বিডি