সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৭
আওয়ামী লীগ সমাবেশের অনুমতি দেয় না, অনুমতি দেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সমাবেশের অনুমতির সাথে গণতন্ত্রের কোন সম্পর্ক নেই। তিনি বলেন,
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘর মিলনায়তনে আওয়ামী লীগের সাত দিনব্যাপী কর্মসূচীর শেষ দিনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সরকার গণতন্ত্রের স্বার্থে আগামী ১২ নভেম্বর বিএনপির সমাবেশের অনুমতি দেবে বলে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের প্রামান্য দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় আওয়ামী লীগের সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, আগামীকাল শহীদ সোহরাওয়াদী উদ্যানে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকারও কথা ছিল। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী পরামর্শে আওয়ামী লীগের আগামীকালের সমাবেশ পিছিয়ে দেয়া হয়েছে। আর আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানও তো আমরা বিশাল করে সোহরাওয়ার্দী উদ্যানে করতে পারতাম। তা না করে এ অনুষ্ঠান আমরা একটি মিলনায়তনে করলাম।
কাদের বলেন, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১২ নভেম্বরে বিএনপির সমাবেশের সাথে গণতন্ত্রের সম্পর্ক কিভাবে দেখতে পেলেন তা আমরা বুঝে উঠতে পারছি না।
এ বিষয়ে তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় বহুবার আমাদের সমাবেশের অনুমতি দেয়নি। আবার অনুমতি দিলেও পুলিশ লেলিয়ে দিয়ে আমাদের কর্মসূচিকে পন্ড করে দিয়েছে। তখন গণতন্ত্র কোথায় ছিল?
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এডভোকেট রিয়াজুল কবির কাওছার ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাওছার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের প্রামান্য দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় আওয়ামী লীগ সাত দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। এ কর্মসূচির ষষ্ঠদিনে আজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বরেন্য শিল্পীরা এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।
Design and developed by ওয়েব হোম বিডি