সিলেট ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, মে ২১, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর ফের হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ১১ দিন তাণ্ডব চালিয়ে বৃহস্পতিবার রাতে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর রাত পোহাতে না পোহাতেই ফের ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালালো তারা।
প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার জুম্মার নামাজের পর আল-আকসা মসজিদের প্রাঙ্গণে ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি উদযাপন করতে জড়ো হন।
পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরার প্রতিবেদক বলেন, ‘তারা গান গাচ্ছিল এবং চিৎকার করছিল। এ সময় পাশের একটি প্রাঙ্গণ থেকে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের উদযাপনের প্রাঙ্গণে চলে আসে এবং তাদের ওপর হামলা চালায়। পুলিশ তাদের ওপর স্টান গ্রেনেড, স্মোক বোমা ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।’
তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুড়তে শুরু করে। এত অন্তত ২০ জন আহত হন।’
রমজান মাসে ফিলিস্তিনিদের সঙ্গে কট্টর ইহুদি জাতীয়তাবাদী ও ইসরায়েলি পুলিশের বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন শত শত ফিলিস্তিনি। এর জের ধরে ১০ মে গাজা থেকে হামাস ইসরায়েলে রকেট হামলা চালালে জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় বিমান হামলা শুরু করে।
টানা ১১ দিন ধরে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলার পর শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ।
ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ২৪৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ৬৬টি শিশুও রয়েছে। এছাড়া অবরুদ্ধ এ অঞ্চলটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞও চালায় দখলদার ইহুদিবাদিরা। অন্যদিকে হামাসের পাল্টা রকেট হামলা কমপক্ষে ১২ জন ইসরায়েলি নিহত হয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি