সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২১
সুনামগঞ্জ প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ রাখা নিয়ে যে বিদ্বেষ ছড়িয়েছিল এবং হিন্দু সম্প্রদায়ের লোকেরা আক্রান্ত হয়েছিল তার সঙ্গে সরকারী দলের অনেকেই জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি সরকারের কঠোর সমালোচনা করে আরও বলেন, এ সরকার এক অদৃশ্য শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে। সরকারের কথায় আর কাজে কোন মিল নেই।
রোববার (২৪ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ শহরের জামতলা জান্নাত কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসনের সদ্য প্রয়াত উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আছফিয়া স্মরণে শোক সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় ফজলুল হক আছপিয়া সম্পর্কে মির্জা ফখরুল বলেন, তিনি সারাজীবন মানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন। সুনামগঞ্জের রাজনীতি ও উন্নয়নে আছপিয়ার উল্লেখযোগ্য অবদান রয়েছে। আছপিয়া সজ্জন ব্যক্তি হিসাবে দল মত নির্বিশেষে সকলের কাছে সমাদৃত ছিলেন।
১৯৭১ সালে বাংলার জনগণ যুদ্ধ করেছিল একটি মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, মানুষের ভোট দেওয়ার অধিকার, ভাতের অধিকার, বাক স্বাধীনতা, মানবিক মর্যাদা নিশ্চিত করা জন্য। কিন্তু এসব কিছু বর্তমান আওয়ামী লীগ সরকার হরণ করেছে। মানুষের ভোটের ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে, দুঃসময় পার করছে।
তিনি বলেন, দেশে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কুমিল্লাতে পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখা হয়েছে আওয়ামী লীগের অধীনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরাও পড়েছেন তারা। বাংলার সব ধর্মের মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। কিন্তু সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বৃহত্তর মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তাও দিতে পারেনি।
নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এদেশে নির্বাচন তখনই হবে, যখন দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হবে। নির্বাচনের পরিবেশ তৈরি হতে হলে সরকারকে ক্ষমতা থেকে নেমে নির্বাচন দিতে হবে। নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। তাহলে জনগণের ভোটের নির্বাচন সম্ভব। না হয়, তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিলে দেশে গণতন্ত্র ফিরে আসবে।
শোক সভায় জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জীবন, সদস্য নাছির উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য নজির হোসেনসহ অনেকে।
Design and developed by ওয়েব হোম বিডি