সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২২
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণ করে ৬ মাসের অন্তঃসত্ত্বা করেছে বাড়ির মালিক। এ ঘটনায় থানায় মামলা হলে কুলাউড়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী চাতলাপুর এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের অপারেশন টিম।
গ্রেফতারকৃত রজত ধর (৫০) কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামের মৃত লক্ষীকান্ত ধরের ছেলে।
শনিবার (১২ মার্চ) গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, উবাহাটা গ্রামের দুই সন্তানের জনক রজত ধর এর নিজ বাড়ীতে নিয়োজিত বাক প্রতিবন্ধী শব্দকর গৃহকর্মী রানী শব্দকর (২৫) ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে প্রতিবন্ধীর পিতা পরিন্দ্র শব্দকর বাদি হয়ে গত ৫ মার্চ কমলগঞ্জ থানায় একটি মামলা করেন। এ মামলার সূত্র ধরে শুক্রবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৪টায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অপারেশন টিম অভিযান চালিয়ে সীমান্তবর্তী চাতলাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
প্রায় ৯-১০ মাস পূর্বে উবাহাটা গ্রামে রজত ধর এর বাড়িতে গৃহকর্মী হিসেবে মুন্সীবাজার ইউনিয়নের ধাতাইলগাঁও গ্রামের পরিন্দ্র শব্দকর তার বাক প্রতিবন্ধী মেয়ে রানী শব্দকরকে কাজে দেয়। গৃহকর্মী হিসেবে ভুক্তভোগী রানী শব্দকর কাজে যোগদানের পর থেকে রজত ধর তার দিকে কু-দৃষ্টি দেয়। পরবর্তীতে রজত ধর ভুক্তভোগীকে গত জুলাই মাস থেকে বিভিন্ন প্রলোভন দিয়ে তার বাড়ীতে একাধিকবার ধর্ষণ করে। গত ডিসেম্বর মাস থেকে ভুক্তভোগী বাক প্রতিবন্ধী কাজে যাওয়া বন্ধ করে দেয় এবং তার শারীরিক অবস্থার পরিবর্তন হওয়ায় পরিবারের লোকজনের সন্দেহ হলে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা শেষে পরীক্ষার রিপোর্টে দেখা যায় ওই বাক প্রতিবন্ধী কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা।
গ্রেফতারকৃত ধর্ষককে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান র্যাবের অভিযানে ধর্ষক রজক ধর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামী ধর্ষককে শনিবার দুপুরে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি