সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক পরিবেশ না থাকায় বিএনপি আওয়ামী লীগের ২০তম সম্মেলনে যায়নি।
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের কাউন্সিলে বিএনপি না যাওয়ার সিদ্ধান্ত সঠিক। গণতান্ত্রিক পরিবেশ থাকলে যাওয়া যেত। যেখানে তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে। দলের নেতাকর্মীদের গুম খুন মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করছে এরকম পরিবেশে কিভাবে তাদের কাউন্সিলে উপস্থিত হওয়া যায়। এছাড়া তারাও বিএনপির সম্মেলনে আসেনি।
তিনি বলেন, সরকার নিজেকে জনগণের প্রতিনিধি নয় জমিদার মনে করে। তারা গোটা রাজধানীকে দখল করে অবৈধভাবে কাউন্সিল করছে। সরকার দস্যুবৃত্তির মাধ্যমে কাজ করছে। এরই প্রতিফলন দেখছি আওয়ামী লীগের কাউন্সিলে। তারা ঝাড়বাতি লাগিয়ে ঢাকাকে একাকার করে ফেলছে। এভাবে রাজনৈতিক কাউন্সিলে হতে পারে না।
Design and developed by ওয়েব হোম বিডি