সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: সরকার রাজনৈতিকভাবে জঙ্গিবাদ ব্যবহার করে বিএনপিকে ঘায়েল করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির এক যৌথসভায় মির্জা ফখরুল অভিযোগ করেন। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের শোভাযাত্রা সফল করার লক্ষ্যে ওই সভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো চুক্তি হলে তা দেশের মানুষ মেনে নেবে না। বিএনপিও দেশের অস্তিত্বের প্রশ্নে আপোস করবে না।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে কেন্দ্র করে যে বিষয়গুলো আলোচনা হচ্ছে, সেগুলো জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে। কী চুক্তি সই হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। গণমাধ্যমে এ বিষয়ে যা প্রকাশিত হচ্ছে, তা উদ্বেগের।
ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর ভারতে যাওয়ার প্রয়োজন আছে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমস্যাগুলো আছে, সেগুলো সমাধান করতে হবে। তিনি প্রশ্ন রাখেন, তিস্তা চুক্তি না হলে কোন চুক্তি হবে?
Design and developed by ওয়েব হোম বিডি