সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: সারা দেশে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিরাপত্তা বাড়াতে পুলিশ সদরদপ্তর থেকে জেলা পর্যায়ে বিশেষ বার্তা পাঠানো হয়েছে।
গত ২ জানুয়ারি মোবাইলে ক্ষুদে বার্তা এবং ফোনে মৌখিকভাবে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের বিষয়টি অবহিত করা হয়।
সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের বাড়ি, অফিস, কর্মস্থল ও নির্বাচনী এলাকায় জনসংযোগ এবং মতবিনিময়কালে পুলিশকে পোশাকের পাশাপাশি সাদা পোশাকে সার্বক্ষণিক দায়িত্বপালনের নির্দেশ দেয়া হয়েছে।
তারা যেসব বাড়িতে থাকেন ওইসব বাড়ির নিরাপত্তা রক্ষীদের সঙ্গে পুলিশকে সার্বক্ষণিক সমন্বয় করারও নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি প্রতিনিধিগণ কোনো জনবহুল এলাকায় গেলে ওই স্থানে আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরামর্শ দেয়া হয়েছে।
জনপ্রতিনিধিদের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে পুলিশের বিশেষ বার্তা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সদর দপ্তরের ডিআইজি (মিডিয়া) একেএম শহিদুর রহমান।
গত ৩১শে ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে খুন হন ওই এলাকার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। ওই ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। এমপিদের পক্ষ থেকে তাদের নিরাপত্তা বাড়ানোর দাবি উঠেছে।
Design and developed by ওয়েব হোম বিডি