সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৭
রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
অন্য দুই আসামী হলেন- একুশে টেলিভিশনের তৎকালীন প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী ও প্রতিবেদক কনক সারওয়ার।
তেজগাঁও থানায় হওয়া রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে সোমবার (২৩ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ পারোয়ানা জারি করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কুমার পাল জানান, আজ আদালতে মামলাটির অভিযোগপত্র আমলে নেয়ার দিন ধার্য ছিল। বিচারক অভিযোগপত্রটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক এমদাদ হোসেন তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
এ মামলার অন্য আসামি বেসরকারি টেলিভিশন একুশে টিভির (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালাম কারাগারে আটক রয়েছেন।
অভিযোগপত্রটি দণ্ডবিধির ১২৪ ও পুলিশ ইনসাইটমেন্ট অব ডিস অ্যাফেকশনের ১৯২২-এর ৩ ধারায় দাখিল করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা ও কালো’ দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের অট্রিয়াম অডিটরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি দেশের বিচার বিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন, যাতে জনমনে হিংসার উদ্রেক হয়েছে। একই বছরের ৮ জানুয়ারি তেজগাঁও থানার এসআই বোরহান উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।
Design and developed by ওয়েব হোম বিডি