সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: দেশবরেণ্য রাজনীতিক অজয় রায় আর নেই। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক এবং দেশের প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে ধানমণ্ডিতে নিজ বাসভবনে না ফেরার দেশে পারি জমান তিনি।
৮৯ বছর বয়সী এ রাজনীতিবিদের মরদেহ বর্তমানে বারডেম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন অজয় রায়। গত সপ্তাহে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল থেকে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। সোমবার সকাল সাড়ে ৮টায় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনার কথা ছিল। ভোর সাড়ে ৫টার দিকে তার শ্বাস বন্ধ হয়ে যায়। এরপরও তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
পঙ্কজ ভট্টাচার্য বলেন, আগামী বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে অজয় রায়ের প্রতি নাগরিক শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। সেখানে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বর্ষীয়ান এই রাজনীতিকের মরদেহ রাখা হবে। মৃত্যুর সময় পাশে ছিলেন তার স্ত্রী জয়ন্তী রায়। তার দুই মেয়ে ও এক ছেলে। তারা যুক্তরাষ্ট্র ও জার্মানিতে থাকেন। তাদের মধ্যে দুজন ফিরলেই বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।
পরিবারের সদস্যদের অজয় রায় বলে গেছেন, মৃত্যুর পর তিনি এই বাংলার মাটির সঙ্গে মিশে থাকতে চান। তাই তার মরদেহ দাহ না করে সমাধিস্থ করা হবে। নাগরিক শ্রদ্ধাঞ্জলির পর তার মরদেহ গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদীতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে সমাধিস্থ করা হবে।
অজয় রায় নিউমোনিয়া, কিডনি, হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি