সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধি :
জেলার ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে ছয় বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হিজলা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- সাফায়েত (৬) হিজলা গ্রামের শাহীন মিয়ার ছেলে ও মীম আক্তার (৬) জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের মামুন মিয়ার মেয়ে।
জানা গেছে, মীমের মা ঢাকায় চাকরি করেন। তাই মীম দীর্ঘদিন ধরে হিজলা গ্রামে তার মামা শাহীনের বাড়িতে নানির সাথে বসবাস করতো। ওইদিন সকালে মীম ও তার মামাতো ভাই সাফায়েত বাড়ির সামনে খেলাধুলা করছিল। কিন্তু খেলাধুলার এক ফাঁকে সবার চোখ ফাঁকি দিয়ে দুজনই বাড়ির সামনে ডোবায় পড়ে নিখোঁজ হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের লোকজন দুজনকে ওই ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
(সুরমামেইল/এসডি)
Design and developed by ওয়েব হোম বিডি