সিলেট ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনই ইনাতগঞ্জ বাজারের সবজি ব্যবসার সাথে জড়িত।
সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে মশহুদ আহাম্মদ (৪০), ইনাতগঞ্জ দক্ষিণ গ্রামের ময়না মিয়ার ছেলে আবুল কাশেম (৫০) এবং ইনাতগঞ্জ বাজারের ফাহিম সবজি ভান্ডারের কর্মচারী ময়না মিয়া (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইনাতগঞ্জ বাজারের কয়েকজন সবজি ব্যবসায়ী ও কর্মচারী একটি পিকআপ ভ্যানে করে বাহুবল উপজেলার দিগাম্বর বাজারে সবজি ও অন্যান্য কাঁচামাল কিনতে যাচ্ছিলেন। রোকনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মশহুদ আহাম্মদ মারা যান। গুরুতর আহত পিকআপের চালকসহ চারজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আবুল কাশেম ও ময়না মিয়া মারা যান।
বর্তমানে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যান সরিয়ে নেওয়া হলে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে চলে গেলেও পরে আউশকান্দি এলাকায় সেটি আটক করা হয়। বাস ও পিকআপ ভ্যানটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি