সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৮
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি রাজনৈতিক আত্মহত্যা করেছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ না নিলেও তাদের রাজনৈতিক আরেকটি আত্মহত্যা হবে।
শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবসের জনসভায় তিনি এ কথা বলেন।
কাদের বলেন, ৫ জানুয়ারি আমাদের রাজনৈতিক বিজয় দিবস আর বিএনপির জন্য রাজনৈতিক আত্মহত্যা দিবস। আগামী নির্বাচনে অংশ না নিলে বিরল প্রজাতির প্রাণীর মত বিলুপ্ত হয়ে যাবে বিএনপি। বিএনপির অবস্থা মুসলিম লীগের চেয়ে খারাপ হবে।
পদ্মা সেতু নিয়ে খালেদা জিয়ার বিরূপ মন্তব্যের সমালোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পদ্মা সেতু নাকি জোড়াতালি দিয়ে বানানো হচ্ছে, উনি সেটাতে উঠবেন না।’ উনি না উঠলে ফেরির ব্যবস্থা করে দেব।
মামলার হাজিরা দিতে দিতে খালেদা জিয়ার মাথা নষ্ট হয়ে গেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, সাংগঠনকি সম্পাদক বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি