সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, জুন ২০, ২০২৩
সুরমামেইল ডেস্ক :
শীর্ষ দুই নেতার দীর্ঘদিনের দ্বন্দ্বের পর ভেঙে গেছে গণঅধিকার পরিষদ। প্রথমে পরিষদের সদস্য সচিব মো. নুরুল হক নুরকে অব্যাহতি দেওয়া হয়। এরই জেরে পরিষদের এক নম্বর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খাঁনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক মনোনীত করা হলে তাকেও বহিষ্কার করেন পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।
মঙ্গলবার সন্ধ্যায় এক বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানান গণপরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। তিনি তাদের (নুর-রাশেদ) বহিষ্কারাদেশে স্বাক্ষর করেছেন।
গণঅধিকার পরিষদ সূত্রে জানা গেছে, নুরুল হক নুরের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যোগাযোগ, আর্থিক কেলেঙ্কারিসহ নানা কারণে বিরক্ত সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। সর্বশেষ মোসাদের সঙ্গে নুরুল হক নুরের টাকা লেনদেনের বিষয়টি সামনে এলে দলের অভ্যন্তরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এর মধ্যে মঙ্গলবার দিনভর দফায় দফায় বৈঠক করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা। সভায় সংগঠনটির বেশিরভাগ যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব এবং কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করা ড. রেজা কিবরিয়া।
রেজা কিবরিয়া নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণঅধিকার পরিষদের গঠনতন্ত্র, ২১ দফা কর্মসূচি, লক্ষ্য-উদ্দেশ্য এবং মূলনীতিবিরোধী কাজ করা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান, মানি লন্ডারিং আইন ও সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগ ওঠা, ইসরায়েলসহ বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ, অনৈতিক আর্থিক লেনদেন, গঠনতন্ত্র লঙ্ঘন করে সভা আয়োজন ও অবৈধভাবে ভারপ্রাপ্ত আহ্বায়ক মনোনয়ন করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাদের বিরুদ্ধে উসকানিমূলক পোস্ট দিয়ে দলে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে গণঅধিকার পরিষদের সদস্যসচিব মো. নুরুল হককে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ প্রক্রিয়ায় সহযোগিতা করায় কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খাঁনকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। উভয়কে দলের দফতর বরাবর আগামী এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।
একইসঙ্গে আমি ড. রেজা কিবরিয়া, আহ্বায়ক, গণঅধিকার পরিষদ সাংগঠনিক ক্ষমতাবলে পরবর্তী নির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত সদস্যসচিব হিসেবে কোটা সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও অধিকার পরিষদের অন্যতম প্রধান উদ্যোক্তা হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে মনোনিত করছি।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি