সুরমা মেইল ডেস্ক :: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার দলকে জঙ্গি সমর্থনের পথ পরিহার করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আইভি রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী ও চলমান রাজনীতি বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নাসিম বলেন, আমি আহ্বান জানাবো, যারা আজকে জঙ্গিকে সমার্থন করে দরদ দেখাচ্ছেন তারা এই পথ থেকে সরে আসুন। এটা কোনো পথ নয়। সরকারের বিরোধিতা করার জন্য আপনি ওদের সাথে হাত মিলিয়েছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের বিরোধিতা করলে, আমাদের সমার্থন না করলে, আমাদের ভুল ত্রুটি ধরলে কোনো অসুবিধা নেই। কারণ আমরা সরকারে আছি আমাদের ভুল ত্রুটি হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। হাজার বার সমালোচনা করলে অসুবিধা নেই। কিন্তু জঙ্গি সমর্থন করা, একাত্তরের ঘাতকদের সামর্থন দেয়া, পরাজিত খুনিদের আশ্রয় দেয়া মহা অন্যায়, মহা পাপ।