সিলেট ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক :
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিএনপি সরকারের তুলনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ১০ গুণ বেশি রয়েছে। রিজার্ভ নিয়ে বিএনপি অযথাই অপপ্রচার চালাচ্ছে। গত ১৪ বছরে বাংলাদেশে দারিদ্র্যসীমা অর্ধেকে নেমে এসেছে, এটি বিশ্বের মধ্যে রেকর্ড।
সোমবার (৭ নভেম্বর) বিকেলে সিলেটের রিকাবীবাজারের কবি নজরুল অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, ২০১৯ থেকে ২০২১ এই তিন বছরে আমেরিকায় (যুক্তরাষ্ট্র) তাদের পুলিশ কর্তৃক ৩ হাজার ৭৬ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সে দেশে নিখোঁজ হয়েছেন ১৫ লক্ষাধিক। আর একই সময়ে বাংলাদেশে একইভাবে নিহত হয়েছেন মাত্র তিনজন। নিখোঁজ হয়েছে হাতেগোনা কয়েকজন। তারপরও সবাই এখানকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে উচ্চবাচ্য করে। যারা মানবাধিকার নিয়ে বারবার চিৎকার চেঁচামেচি করে তাদের লজ্জা হওয়া উচিত।
বিএনপি ও চার দলীয় জোট সরকারের সময় আর বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলের বাণিজ্য নিয়ে তিনি বলেন, বিএনপি আমলে মাত্র ছয় বিলিয়ন ডলারের রপ্তানি ছিল, আর বর্তমান সরকারের আমলে এই রপ্তানি উন্নীত হয়েছে ৬০ বিলিয়ন ডলারে, যা তাদের তুলনায় ছয় গুণ বেশি।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের দিনব্যাপী প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ।
Design and developed by ওয়েব হোম বিডি