সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৬
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় শামস তাহির নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাত দেড়টার দিকে জৈন্তাপুর উপজেলার সারীঘাট শাপলা ফিলিং স্টেশনের পাশে দুর্ঘটনা ঘটে।
নিহত শামস তাহির (২২) উপজেলার নিজপাট ইউনিয়নের বারগাতি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামস তাহির মোটরসাইকেল নিয়ে জৈন্তাপুর বাজার থেকে দরবস্ত বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় জাফলংগামী একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানা-পুলিশের ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি শনাক্ত ও উদ্ধারে অভিযান শুরু করে।
পুলিশ জানায়, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা এবং ট্রাকের গায়ে রক্তের দাগের সূত্র ধরে দুর্ঘটনায় জড়িত গাড়িটির সন্ধান পাওয়া যায়। প্রায় পাঁচ ঘণ্টার অভিযানের পর শনিবার ভোর ৬টার দিকে জৈন্তাপুরের চাঙ্গিল বাজারের একটি গলি থেকে ঢাকা মেট্রো-ট-২২-১৪৪০ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়। পরে ট্রাকটি তামাবিল হাইওয়ে থানায় নেওয়া হয়।
জৈন্তাপুর মডেল থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গিয়েছিল। সিসিটিভি ফুটেজ দেখে অভিযান চালিয়ে ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাক উদ্ধারের পর স্থানীয় লোকজন অবরোধ তুলে নেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
(সুরমামেইল/এসএ)
Design and developed by ওয়েব হোম বিডি