সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের বাহুবল উপজেলায় সুন্দ্রাটিকি গ্রামের আলোচিত চার শিশু হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার আদেশ দেন। আগামী ২৫ জুলাই এ মামলার পরবর্তী কার্যদিবস নির্ধারণ করেন। ওই আলোচিত মামলাটির রায় ঘোষণা দিন নির্ধারণ করা হবে।
জেলা জজ কোর্টের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, বহুল আলোচিত এ হত্যা মামলার বিচারকার্য শেষের দিকে। পরবর্তী তারিখের পর দ্রুততম সময়ের মধ্যেই রায় ঘোষণা করা হবে। মামলার ৫৭ জন সাক্ষীর মধ্যে ৫২ জন সাক্ষী দিয়েছেন।
সুন্দ্রাটিকি গ্রামের আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭), ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০) গত বছরের ১২ ফেব্রুয়ারি বিকাল বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। মনির সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে, তার দুই চাচাতো ভাই শুভ ও তাজেল একই স্কুলে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত ছিল। আর তাদের প্রতিবেশী ইসমাইল পড়তো সুন্দ্রাটিকি মাদ্রাসাতে।
নিখোঁজের পাঁচ দিন পর স্থানীয় ইছাবিল থেকে তাদের বালিচাপা মরদেহ উদ্ধার হলে দেশজুড়ে আলোচনা সৃষ্টি হয়। নিখোঁজের পর মনিরের বাবা আবদাল মিয়া একটি সাধারণ ডায়েরি করেন। পরে মরদেহ উদ্ধার করা হলে আবদাল মিয়া অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ঘটনার পরপরই ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পরে বাহুবল থানায় নয়জনের বিরুদ্ধে মামলা করেন মনির মিয়ার বাবা আবদাল মিয়া।
২০১৬ সালের ২৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তৎকালীন ওসি মোক্তাদির হোসেন নয়জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেন। পুলিশ গ্রেফতার করে গ্রামের পঞ্চায়েত প্রধান আব্দুল আলী বাগাল ও তার দুই ছেলেসহ ছয়জনকে। এর মধ্যে আসামি বাচ্চু মিয়া র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মারা যান।
কারাগারে রয়েছেন- হাবিবুর রহমান আরজু (৪০), শাহেদ (৩২), আব্দুল আলী বাগাল (৬০), তার দুই ছেলে জুয়েল মিয়া ও রুবেল মিয়া (১৮)। আর উস্তার মিয়া (৪৮), বাবুল মিয়া (৪৫) ও বিল্লাল মিয়া (৩৫) এখনো পলাতক রয়েছেন।
গ্রেফতার হওয়া পাঁচজনের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সুন্দ্রাটিকি গ্রামের দুই পঞ্চায়েত আবদাল মিয়া তালুকদার ও আব্দুল আলী বাগালের মধ্যে পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে মামলার তদন্তকালে বিষয়টি ও আসামিদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ জানিয়েছে।
হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে এ বছরের ৭ সেপ্টেম্বর মামলার বিচারকাজ শুরু হয়। ওইদিন মামলার চার্জ গঠন হয়। পরে চলতি বছরের গত ১৫ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের আদেশে মামলাটি সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি