সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার ষড়যন্ত্র অতীতেও হয়েছে এখনো অব্যাহত আছে। আর আওয়ামী লীগ হলো সেই দল যারা নিজেদের অপকর্ম ঢাকতে একের পর এক ইস্যু সৃষ্টি করে জনগণের দৃষ্টি বিভ্রান্ত করে।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ ন্যাপ এ স্মরণ সভার আয়োজন করেন। এত সভাপতিত্ব করেছেন আয়োজক সংগঠনের সভাপতি জেবেল রহমান গানি।
হঠাৎ করে আগাম নির্বাচনের আওয়াজকে ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচনের বিপক্ষে নয়। বিএনপি অতিদ্রুত সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন চায় যার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
২১ আগস্টকে বাংলাদেশের জন্য একটি কলঙ্কময় ঘটনা বলে আখ্যা দিয়ে বিএনপি নেতা বলেন, ২০০৪ সালে ২১ আগস্ট যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।
বর্তমান আওয়ামী লীগ সবচেয়ে বড় স্বৈরচারী ভূমিকায় উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিবাদ নয় এদের উদ্দেশ্য হচ্ছে বিরোধী দলকে দমন করা।
খালেদা জিয়ার ডাকা জাতীয় ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, এটা কোনো নির্বাচনের জন্য ঐক্য গড়ে তোলা নয়, এটা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশ ও জাতিকে রক্ষায় আন্দোলনের ডাক। আর এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
Design and developed by ওয়েব হোম বিডি