সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: বিএনপি চেয়ার্পারসনের উপদেষ্টা, সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, সহায়ক সরকারের অধীনে ছাড়া বিএনপি আগামীতে কোনো নির্বাচনে যাবে না।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে ‘নির্বাচন কমিশন-সহায়ক সরকার ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে’ মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেগম খালেদা জিয়াকে কারাগারে নেয়ার চিন্তাভাবনা করা হলে তা হবে সবচেয়ে ভয়াবহ উল্লেখ করে ফারুক বলেন, বর্তমান সরকার সু-পরিকল্পিতভাবে তাদেরই আজ্ঞাবাহী একজনকে প্রধান নির্বাচন কমিশনার বানিয়েছেন।
তিনি বলেন, জনতার মঞ্চ থেকে কাজ করে বিএনপি জোট সরকারের আমলে কেএম নুরুল হুদা অব্যাহতি পেয়েছিলেন। তিনি মুখে যতই বলুন না কেন নিরপেক্ষ থাকবেন কোনো অবস্থায় নিরপেক্ষ থাকতে পারবেন না। বিগত দিনে আপনারা দেখেছেন শরীরে দলীয় লেবাস না থাকলে রকিবউদ্দিনরা কিভাবে নির্বাচন করেছেন। আর তিনি তো সরাসরি লেবাস লাগিয়েই এসেছেন।
সংগঠনের সভাপতি আমির হোসেন বাদশার সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা, শাহজাহান মিয়া সম্রাট, মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, মো. সাইদুর রহমান, আব্দুল লতিফ হেলাল, কৃষক দল নেতা এম. জাহাঙ্গীর আলম প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি