সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মো. নাসিম বলেছেন, বিএনপি তার ভুল বুঝতে পেরেছে। যে কারণে তারা এখন সার্চ কমিটির কাছে নাম দিয়েছে। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে করা সার্চ কমিটি সম্পর্কে বিএনপির নেতিবাচক ধারণা ও তা প্রত্যাখ্যান ভুল ছিল। সরকার নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন গঠন করতে চায় বলেই সার্চ কমিটির মাধ্যমে করা হচ্ছে।
বুধবার সকালে খুলনা জেনারেল হাসপাতালের বিভিন্ন জরাজীর্ণ ভবন পরিদর্শন ও হাসপাতালের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী খুলনা জেনারেল হাসপাতালের জরাজীর্ণ ভবন অপসারণ করে সেখানে নতুন বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে ৪০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন। শিগগির এ বরাদ্দ দেয়া হবে এবং আগামী মার্চ মাস থেকে কাজ শুরু হবে বলে জানান নাসিম।
এসময় উপস্থিত ছিলেন- খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল ও খুলনার সিভিল সার্জন এস এম আব্দুর রাজ্জাক।
এরপর স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আইসিইউ ও বার্ণ ইউনিট উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
Design and developed by ওয়েব হোম বিডি