সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯
সুরমা মেইল ডেস্ক : বিএনপি নেতাদের মুখ ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সম্মেলনের প্রস্তুতি দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বাজারে পণ্যমূল্যের অস্থিরতায় বিএনপি নেতাদের দেশে দুর্ভিক্ষের আশঙ্কার প্রতিক্রিয়ায় এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
কাউন্সিলরদের সম্মতিতে যুবলীগের নেতৃত্ব নির্বাচিত হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যুবলীগের ৫৫ বছর বয়সসীমার বাধ্যবাধকতা কেন্দ্র ও তৃণমূল সবখানেই থাকবে। তবে এখন যারা আছেন, তারা নতুন কমিটি ঘোষণা পর্যন্ত থাকতে পারবেন। যুবলীগের গঠনতন্ত্রে পরিবর্তন আসবে বলেও জানান তিনি।
এ সময়, সড়ক পরিবহন আইন নিয়ে শ্রমিক-মালিকদের আপত্তি থাকা কিছু বিষয় নিয়ে সমঝোতা হয়েছে বলেও জানান তিনি।
আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের জন্য পদ্মা সেতুর আদলে মঞ্চ সাজানো হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Design and developed by ওয়েব হোম বিডি