সিলেট ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : বিদ্রোহীদের সঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষ দেখতে গিয়ে সংঘাতের কবলে পড়ে মারা গেছেন মধ্য আফ্রিকার দেশ চাদের প্রেসিডেন্ট ইদরিস দেবী। মঙ্গলবার (২০ এপ্রিল) দেশটির সেনাবাহিনী রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ তথ্য জানিয়েছে।
গত ১১ এপ্রিল দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের ফল ঘোষণা করা হয় সোমবার। এতে ১৯৯০ সালে সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে ক্ষমতায় আসা দেবী আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হন। সোমবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করা হয়। এতে বলা হয়, ৮০ শতাংশের বেশি ভোট পেয়ে ষষ্ঠবারের মতো ক্ষমতায় আসছেন ইদরিস দেবী। বিজয়ী ঘোষণার পরদিন মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে চলমান সামরিক সংঘর্ষ পরিদর্শনে গিয়ে প্রাণ হারালেন ইদরিস দেবী।
এদিকে, প্রেসিডেন্টের মৃত্যুর পর দেশটির সরকার এবং সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেনাবাহিনীর একটি পরিষদ আগামী ১৮ মাসের জন্য দেশের শাসনকাজ পরিচালনা করবে বলে রাষ্ট্রীয় টেলিভিশনে সামরিক বাহিনীর মুখপাত্র ঘোষণা দিয়েছেন।
আফ্রিকা মহাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় আসীন ইদরিস দেবী ইতনো দেশটিতে বেশ কয়েকবার বিদ্রোহী গোষ্ঠীগুলোর লড়াই দমন করেছেন। বিদ্রোহীদের দমনে তাকে প্রায়ই সহায়তা করছে ফ্রান্সের সামরিক বাহিনী।
Design and developed by ওয়েব হোম বিডি