সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৬
সুরমা মেইল ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের বাসায় আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক তল্লাশীর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বিকেলে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে আমরা এখন এক ভীতিকর অবস্থার মধ্যে বসবাস করছি। বর্তমান অবৈধ সরকারের আমলে দেশে আইনশৃঙ্খলার চরম অবনতিতে কোনো নাগরিকেরই স্বাধীনভাবে চলাফেরা, বাক-ব্যক্তি স্বাধীনতা কিংবা জানমালের ন্যূনতম নিরাপত্তা নেই। সার্বিক পরিস্থিতি বিবেচনায় মনে হয়-দেশটা এখন পুলিশিরাষ্ট্রে পরিণত হয়েছে। পুলিশী বিভিন্ন কর্মকান্ডে সেটির বহি:প্রকাশ অত্যন্ত স্পষ্ট।
মির্জা ফখরুল বলেন, বুধবার (১০ আগস্ট) সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কর্তৃক বিএনপির যুগ্ম মহাসচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের বাসায় পুলিশী তল্লাশীর নামে সন্ত্রাসী কর্মযজ্ঞ বর্তমান শাসকগোষ্ঠীর হিংসাশ্রয়ী চরিত্রেরই ধারাবাহিকতা।
হাবিব উন নবীর বাসায় তল্লাশির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিরোধীদলীয় নেতাকর্মীদের রাজনৈতিকভাবে হেনস্তা, ভীত-সন্ত্রস্ত এবং বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করার অপকৌশল হিসেবেই সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এ ধরণের হীন পরিকল্পনা বাস্তবায়ন করছে।
বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন নিপীড়ণ চালিয়ে অতীতে যেমন কোনো স্বৈরশাসকই তাদের রাষ্ট্রক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে সক্ষম হয়নি, বর্তমান শাসকগোষ্ঠীও তাদের মনস্কামনা পূরণ করতে পারবে না। সরকারের অনৈতিক, অমানবিক ও নিষ্ঠুর সব কর্মকান্ডের বিরুদ্ধে জনগণ এখন ঐক্যবদ্ধ। জনগণের সম্মিলিত শক্তিতে এই নির্যাতন ও শাসনের অবসান ঘটবেই।
Design and developed by ওয়েব হোম বিডি