সিলেট ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রন বিশ্বের ১৭টি দেশ ও অঞ্চলে পৌঁছে গেছে। আফ্রিকা অঞ্চলের দেশটি থেকে আসা দর্শনার্থীদের মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে জার্মানি এবং কানাডায় ভাইরাসটি শনাক্ত হয়েছে।
করোনার নতুন এই প্রজাতির বিষয়ে বিস্তারিত জানার জন্য বিশ্বজুড়ে বিজ্ঞানীরা রীতিমতো প্রতিযোগিতা করছেন। ইতোমধ্যে বিশ্বের অনেক দেশের সরকার দক্ষিণ আফ্রিকা এবং এর আশপাশের দেশগুলোর দর্শনার্থীদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওমিক্রন করোনাভাইরাসের বিদ্যমান টিকার সুরক্ষাকে ফাঁকি দিতে পারে অথবা নতুন করে সংক্রমণের ঢেউ শুরু করতে পারে আশঙ্কায় অনেক দেশ নিজেদের সীমান্ত বন্ধ করে দিয়েছে।
যেসব দেশে পৌঁঁছেছে ওমিক্রন
দক্ষিণ আফ্রিকা : গত বুধবার দক্ষিণ আফ্রিকায় প্রথম এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। চলতি সপ্তাহে অন্তত ১ হাজার ১০০ জন করোনা পজিটিভ রোগীর নমুনা পরীক্ষায় ৯০ শতাংশের ওমিক্রন ধরা পড়েছে। দেশটির প্রায় সব প্রদেশেই এই ভ্যারিয়েন্ট ছড়িয়েছে।
বতসোয়ানা : আফ্রিকার এই দেশটিতে ১৯ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।
যুক্তরাজ্য : এখন পর্যন্ত তিনজনের ওমিক্রন নিশ্চিত হয়েছে ব্রিটেন। যাদের সবার সঙ্গে দক্ষিণ আফ্রিকা ভ্রমণের সম্পর্ক আছে।
জার্মানি : দক্ষিণ আফ্রিকা থেকে মিউনিখ বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে দু’জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।
নেদারল্যান্ডস : দক্ষিণ আফ্রিকা থেকে আসা যাত্রীদের মধ্যে ১৩ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।
ডেনমার্ক : দক্ষিণ আফ্রিকা থেকে আগত দু’জনকে ওমিক্রন আক্রান্ত হিসেবে পাওয়া গেছে।
বেলজিয়াম : দেশটিতে একজনের ওমিক্রন ধরা পড়েছে।
ইসরায়েল : ২৭ নভেম্বর পর্যন্ত দেশটিতে একজনের ওমিক্রন নিশ্চিত হওয়া গেছে। এছাড়া অপর একজনকে এই ধরনে আক্রান্ত হিসেবে সন্দেহ করা হচ্ছে।
ইতালি : দেশটিতে একজনকে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত পাওয়া গেছে। পরীক্ষায় ধরা পড়ার আগে তিনি দেশজুড়ে ঘুরে বেরিয়েছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
চেক প্রজাতন্ত্র : স্থানীয় গণমাধ্যমে একজনকে ওমিক্রন আক্রান্ত হিসেবে শনাক্তের তথ্য জানানো হয়েছে।
হংকং : ওমিক্রন আক্রান্ত দু’জনকে হোটেল কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
অস্ট্রেলিয়া : অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে দুজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। দু’জনই দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেছিলেন।
কানাডা : সম্প্রতি নাইজেরিয়াফেরত দু’জনের এই ধরন শনাক্ত হয়েছে।
অস্ট্রিয়া : দেশটির টাইরোলে দক্ষিণ আফ্রিকাফেরত একজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। আরও ৩০ জনকে এই ধরনে আক্রান্ত হিসেবে সন্দেহ করছে কর্তৃপক্ষ।
সুইজারল্যান্ড : প্রায় এক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকা থেকে আসা একজনের ওমিক্রন ধরা পড়েছে।
ফ্রান্স : আটজনকে এই ধরনের আক্রান্ত হিসেবে সন্দে করা হচ্ছে।
পর্তুগাল : ১৩ জনের শরীরে এই ভ্যারিয়েন্টের সংক্রমণের শক্তিশালী প্রমাণ মিলেছে।
করোনার এই ধরনটি ‘অত্যন্ত ঝুঁকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পাশাপাশি ভাইরাসের এই ধরনকে মোকাবিলায় বিশ্বকে দ্রুত প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে জাতিসংঘের এই সংস্থা।
Design and developed by ওয়েব হোম বিডি