সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৭
আজ বুধবার ৬ ডিসেম্বর বিয়ানীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের ছাতক মুক্ত দিবস।
১৯৭১ সালে এই দিনে সিলেটের বিয়ানীবাজার উপজেলা হানাদার মুক্ত হয়েছিল। দীর্ঘ নয় মাসের মুক্তি সংগ্রামের পর উপজেলার কয়েক হাজার মানুষ পাকবাহিনী ও রাজাকার ধারা নির্যাতিত হয়েছিলেন। মুক্তিযুদ্ধে বিয়ানীবাজারে শহীদ হয়েছেন ১২৪ জন।
সর্বশেষ ৬ ডিসেম্বর ভোরে উপজেলার মুডিয়া ইউনিয়নের তাজপুরে পাক সেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়েছে। ওই দিনই বিয়ানীবাজার থানায় পাক সেনাদের ক্যাম্প থেকে সকল সৈন্য পালিয়ে যায়।
স্থানীয় মুক্তিযোদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধারা বিয়ানীবাজার থানা টিলায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। পাক সেনারা উপজেলার কাঁঠালতলা বধ্যভূমি ও রাঁধা টিলায় স্থানীয়দের ধরে এনে নির্যাতন করতো।
নির্যাতিতদের মধ্যে কাঁঠাল তলায় প্রায় ৬০ জনের উপরে এবং রাধা টিলা প্রায় ৩০ জনকে পাক সেনারা গুলি করে হত্যা করে। দেশের একমাত্র প্রবাসী বাউল কমর উদ্দিনকেও কাঁঠাল তলায় হত্যা করে পাকবাহিনী।
রাধা টিলায় সুপাতলার ঘোষ পরিবারের ১২জনকে এক সাথে হত্যা করে। যুদ্ধের পর মুক্তিযোদ্ধারা উপজেলায় ৬টি গণকবর আবিষ্কার করেন।
ছাতক মুক্ত দিবস (ছাতক প্রতিনিধি) : ১৯৭১ সালের এ দিনে বাণিজ্যিক নগরী খ্যাত সুনামগঞ্জের ছাতক শহর পাক হানাদার মুক্ত হয়। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর তীব্র প্রতিরোধের মুখে পাক-হানাদার বাহিনী পিছু হঠে বিশ্বনাথের লামাকাজী এলাকায় চলে গেলে মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা উত্তোলন করে ছাতক শহরকে মুক্ত ঘোষনা করেন।
এর আগের দিন ৫ ডিসেম্বর বিকেলে সুরমা নদী পাড়ি দিয়ে পাকবাহিনী ছাতক বাজারে অবস্থান নেয়। সন্ধ্যায় সম্পূর্ণ বিনা বাধায় মুক্তিযোদ্ধারা পাক সেনাদের শক্ত ঘাটি সুরমা নদীর উত্তর পার নোয়ারাই ও সিমেন্ট ফ্যাক্টরী এলাকায় ঢুকে পড়েন।
৬ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধাদের আক্রমনের মুখে শহর ছেড়ে ছাতক-সিলেট সড়কের ঝাওয়া ব্রীজ এলাকায় অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্ঠা করে ব্যর্থ হয় পাক-বাহিনী। পরে ঝাওয়া ব্রীজ থেকে গোবিন্দগঞ্জ এলাকায় অন্যান্য পিছু হঠা হানাদার বাহিনীর সাথে যোগ দেয় তারা। বিকেলে হানাদার বাহিনী পিছু হটে বিশ্বনাথের লামাকাজি এলাকায় চলে যায়।
প্রতি বছর ৬ ডিসেম্বর ছাতক মুক্ত দিবস পালন করে থাকে মুক্তিযোদ্ধা সংসদ। দিবসটি পালনের উদ্দেশ্যে আজ বুধবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আনন্দ র্যালী ও আলোচনা সভাসহ বিস্তারিত কর্মসুচী গ্রহন করা হয়েছে।
হবিগঞ্জ মুক্ত দিবস (হবিগঞ্জ প্রতিনিধি) : ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহীনির কবল থেকে মুক্ত হয় হবিগঞ্জ। এ দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান জানান, হবিগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে সকাল থেকে শহীদবেদী ও হবিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, র্যালি, আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৪ এপ্রিল হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলিয়াপাড়া ডাকবাংলো থেকে সারা দেশকে মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর বিভক্ত করা হয়। ৩নং সেক্টরের দায়িত্ব পালন করেন তৎকালীন মেজর শফিউল্লাহ। শফিউল্লাহর নেতৃত্বে হবিগঞ্জের সীমান্ত এলাকাগুলোতে পাকিস্তানি সেনাদের সঙ্গে যুদ্ধ সংগঠিত হয়। ডিসেম্বরের শুরুতে মুক্তিবাহিনী জেলা শহরের কাছাকাছি এসে পাক সেনাদের উপড় তিন দিক থেকে আক্রমণ করে। ৫ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা হবিগঞ্জ শহরে প্রবেশ করে এবং ৬ ডিসেম্বর ভোর রাতে পাকিস্তানি সেনাসহ রাজাকাররা আত্মসমর্পণ করে। পরে মুক্তিযোদ্ধারা এসডিও অফিস, হবিগঞ্জ সদর থানা কম্পাউন্ডসহ বিভিন্ন জায়গায় বিজয় পতাকা উত্তোলন করেন।
Design and developed by ওয়েব হোম বিডি