সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২২
আশ্রয়কেন্দ্রে পাঠদান কার্যক্রম চলছে।
বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চারদিকে বন্যার পানি। শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ। কোথাও খেলাধুলার পরিবেশ নেই। ফলে আশ্রয়কেন্দ্রের চার দেওয়ালের মাঝে অনেকটা বন্দি সময় কাটাচ্ছিল শিশুরা। এতে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে তাদের পড়ালেখার। এ অবস্থায় শিশুদের মনের ওপর যাতে বিরূপ প্রভাব না পড়ে সেজন্য এসব শিশুদের পাশে দাঁড়িয়েছেন দুই শিক্ষক। সময়োপযোগী এ উদ্যোগ নেয়ায় প্রশংসায় ভাসছেন তারা।
তারা হলেন- মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাসিম আলী। তারা আশ্রয়কেন্দ্রে থাকা কোমলমতি শিশুদের পাঠদান করছেন। শুধু তাই নয়, বিনামূল্যে তাদের বই, খাতা, কলমও কিনে দিয়েছেন। তাদের এমন উদ্যোগে আশ্রয়কেন্দ্রে থাকা শিশুদের পাশাপাশি অভিভাবকরাও খুশি।
জানা গেছে, চলতি বছরের জুন মাসের শেষের দিকে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যায় বড়লেখা উপজেলায় ২০০টি গ্রাম প্লাবিত হয়। এতে বাড়ি-ঘর ছেড়ে মানুষজন পরিবার নিয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেন। এরমধ্যে দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে ৫৪টি পরিবার আশ্রয় নেয়। এসব পরিবারের সঙ্গে কোমলমতি শিশুরাও আছে। বর্তমানে তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। কারণ বন্যায় তাদের শিক্ষাপ্রতিষ্ঠান পানিবন্দি হওয়ায় তা বন্ধ রয়েছে। এতে তারা বিদ্যালয়ে যেতে পারছে না। ফলে তাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে।
এছাড়া চারদিকে বন্যার পানি থাকায় কোথাও খেলাধুলার পরিবেশ নেই। তাই আশ্রয়কেন্দ্রে শিশুরা অনেকটা বন্দি সময় কাটাচ্ছিল। এই অবস্থায় শিশুদের মনে যেন বিরূপ প্রভাব না পড়ে সেজন্য এসব শিশুদের জন্য কিছু একটা করার তাগিদ অনুভব করেন দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস। তিনি তাদের পাঠদানের উদ্যোগ নেন।
গত ২২ জুন থেকে আশ্রয়কেন্দ্রে পাঠদান কার্যক্রম শুরু করেছেন দীপক রঞ্জন দাস। প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত শিফট করে চলে পাঠদান। দুইটি শিফটে চলছে পাঠদান কার্যক্রম।
সরেজমিনে দেখা গেছে, দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণি কক্ষে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান চলছে। তাদের মধ্যে ১৭জন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এরমধ্যে দুইজন ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থী। এ সময় তাদের ইংরেজি বিষয়ে পড়াচ্ছিলেন শিক্ষক দীপক রঞ্জন দাস। এর আগে তাদের গণিত ও বিজ্ঞান বিষয়ে পাঠদান করেন দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাসিম আলী।
শিক্ষার্থীরা জানায়, তাদের বাড়ি ঘরে বন্যার পানি ওঠায় পরিবারের সঙ্গে তারা আশ্রয় কেন্দ্রে উঠেছে। বিদ্যালয়ে পানি থাকায় তা বন্ধ রয়েছে। শিক্ষক দীপক রঞ্জন দাস তাদের বই, খাতা ও কলম কিনে দিয়েছেন। এখানে তাদের ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে পড়ানো হচ্ছে। এতে তারা খুশি।
অভিভাবক শামীম আহমদ ও আবুল হোসেন জানান, স্কুল বন্ধ থাকায় তাদের সন্তানদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। এসব নিয়ে তারা দুশ্চিন্তায় ছিলেন। শিক্ষক দীপক রঞ্জন দাস ও মো. হাসিম আলী তাদের সন্তানদের বিনামূল্যে পড়াচ্ছেন। বই-খাতা কিনে দিয়েছেন। এতে তাদের দুশ্চিন্তা কিছুটা কমেছে। এজন্য তারা শিক্ষক দীপক রঞ্জন দাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস বলেন, আমার বিদ্যালয়ে ৫৪টি পরিবার আশ্রয় নিয়েছে। এসব পরিবারের ছোট শিশু আছে। বন্যায় বাড়িঘর ছেড়ে তারা আশ্রয়কেন্দ্রে এসেছে। বন্যায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এর মধ্যে খেলাধুলার পরিবেশ নেই। শিশুরা সারাদিন আশ্রয় কেন্দ্রে বন্দি সময় কাটাচ্ছিল। এভাবে দীর্ঘদিন থাকলে এসব শিশুদের মনে বিরূপ প্রভাব পড়তে পারে। অনেকে ঝরে পড়তে পারে। আমিও সারাদিন বিদ্যালয়ে থাকি। তাই শিশুদের পাঠদানের উদ্যোগ নিই। বই-খাতা কিনে দিয়েছি। আমি আর আমার বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাসিম আলী মিলে তাদের ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে পড়াচ্ছি। এতে শিশুরা খুশি। তাদের পরিবারও খুশি।
Design and developed by ওয়েব হোম বিডি